সৌদি আরবের রিয়াদে রুমমেটের ছুরিকাঘাতে প্রবাসীর মৃত্যু
সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটদের মধ্যে রান্না নিয়ে তর্কের জেরে ছুরিকাঘাতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার মোহাম্মদ মতিউর রহমান (২৫) নামের এক প্রবাসী নিহত হয়েছেন। ঘটনা সোমবার রাতে আনুমানিক ১১টার দিকে ঘটে।মতিউর রহমান কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বাঘারপাড় গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি তিন মাস বয়সী এক পুত্রসন্তানের জনক। পরিবারের দাবি মতিউর খুবই শান্ত স্বভাবের মানুষ ছিলেন।পরিবারের তথ্য অনুসারে, মতিউর ফেব্রুয়ারি মাসে জীবিকার তাগিদে সৌদি আরবে যান এবং রিয়াদের হারা এলাকায় একটি বাসায় তিনিসহ চারজন একসঙ্গে থাকতেন। কয়েকদিন আগে রুমে থাকা এবং রান্না নিয়ে তাদের মধ্যে বিবাদ হয়। সোমবার রাতে সবাই কাজ থেকে ফিরে পুনরায় ঝামেলা উত্পন্ন হয়। এ সময় এক রুমমেট তরকারি কাটার ছুরি দিয়ে মতিউরের ওপর ছুরিকাঘাত করে জখম করলে তিনি ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় মারা যান।ঘটনাকালে রুমে থাকা অন্য তিন যুবক পালিয়ে যায়। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উছমান গণি জানান, তারা ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করেছেন।নিহতের ফুফাতো ভাই আশরাফুল ইসলাম খোকন দাবি করেছেন, হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন। নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে