প্রবাসীদের জন্য পরিবার নেওয়ার নিয়ম সহজ করল সৌদি আরব
সৌদি আরবে উচ্চদক্ষ বিদেশি কর্মীদের কাজের ভিসার (ওয়ার্ক ভিসা) আনুষ্ঠানিক প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার আগেই পরিবারের যোগ্য সদস্যদের দেশটিতে নিয়ে যাওয়ার বিশেষ সুযোগ চালু করেছে সৌদি সরকার। নতুন এই নিয়মের আওতায় একজন দক্ষ কর্মী নিজের কর্মসংস্থান ভিসা অনুমোদনের প্রক্রিয়াকালীন অবস্থাতেই স্বামী বা স্ত্রী এবং সন্তানদের জন্য পারিবারিক প্রবেশ ভিসার আবেদন শুরু করতে পারবেন।মঙ্গলবার (৬ অক্টোবর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, দেশটিতে বসবাসকারী পেশাজীবীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং বিশ্বমানের দক্ষ জনশক্তিকে আকৃষ্ট করার লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ সমন্বয়ে এই নতুন নীতিমালা কার্যকর করা হয়েছে।নতুন ব্যবস্থার অধীনে একজন যোগ্য দক্ষ প্রবাসী কর্মী তার স্বামী বা স্ত্রী, ২৫ বছরের কম বয়সী ছেলে এবং অবিবাহিত মেয়েদের সৌদি আরবে আনার জন্য প্রাথমিক পর্যায় থেকেই আবেদন করতে পারবেন। এর ফলে পারিবারিক ভিসার প্রক্রিয়া শুরু করার জন্য কর্মীকে আর নিজের ওয়ার্ক ভিসা সম্পূর্ণ হওয়া পর্যন্ত দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। তবে এ সুবিধা পেতে হলে আবেদনকারীকে সংশ্লিষ্ট নীতিমালার নির্ধারিত সব শর্ত ও মানদণ্ড পূরণ করতে হবে।সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও স্পষ্ট করেছে যে, পরিবারের যোগ্য সদস্যরা প্রবেশ ভিসা নিয়ে সৌদিতে পৌঁছানোর পর দেশটির প্রচলিত আইন অনুযায়ী পরবর্তীতে তাদের স্থায়ী বসবাসের অনুমতিপত্র বা রেসিডেন্স পারমিট (ইকামা) ইস্যু সংক্রান্ত যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।