কোনো সরকার বা বিশেষ ব্যক্তির নয়, জনগণের জন্য কাজ করবে তথ্য কমিশন
তথ্য কমিশন কোনো বিশেষ সরকার বা ব্যক্তির স্বার্থে নয়, বরং পুরোপুরি দেশের জনগণের কল্যাণে কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান। রোববার (১৮ অক্টোবর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।প্রধান তথ্য কমিশনার জানান, সাধারণ মানুষের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করা, কমিশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে নাগরিকদের সচেতন করা এবং কমিশনে সাধারণ মানুষের সহজ প্রবেশাধিকার গড়ে তোলাই হবে নতুন কমিশনের প্রাথমিক লক্ষ্য। তথ্য কমিশনে প্রথম নারী সদস্য হিসেবে দায়িত্ব পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, কাজের ক্ষেত্রে লিঙ্গ নয়, অর্পিত দায়িত্ব পালনই আসল। সমাজে নারী ও পুরুষ যেন সমমর্যাদা ও অধিকার পান, তা নিশ্চিত হওয়া জরুরি।বিগত দিনের কার্যক্রমের সমালোচনা করে তিনি উল্লেখ করেন, গত ১৭ বছরে প্রতিষ্ঠানটি দৃশ্যমান কোনো কাজ করতে পারেনি এবং পর্যাপ্ত নিয়োগের উদ্যোগও নেওয়া হয়নি। তবে বর্তমান কমিশন একটি সম্পূর্ণ স্বতন্ত্র ও স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে।বৈঠকে উপস্থিত তথ্য কমিশনার এসএএম মাহফুজুর রহমান বলেন, তথ্য পাওয়ার অধিকার কেবল সংবাদমাধ্যমের নয়, এটি দেশের প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। তথ্যের স্বচ্ছতা, নিরপেক্ষতা ও অবাধ প্রবাহ নিশ্চিত করে জনগণের কল্যাণে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। একই সাথে রোববার থেকেই কমিশনের মাঠপর্যায়ের কার্যক্রম শুরু হয়েছে বলে গণ্য করা যায় বলেও তিনি সাংবাদিকদের নিশ্চিত করেন। বৈঠকে অপর তথ্য কমিশনার খান মোহাম্মদ আবুল হোসেনও উপস্থিত ছিলেন।