ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বগুড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৬২ হাজার নিমগাছের চারা ও বিশুদ্ধ পানি পানের মগ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। শিবগঞ্জ ও মোকামতলা এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য এ কর্মসূচির আয়োজন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টায় মোকামতলা হাইস্কুল মাঠে এবং বেলা ১১টায় শিবগঞ্জ হাইস্কুল মাঠে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে বিতরণ কার্যক্রম শুরু হয়। কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে নিমগাছের চারা ও পানি পানের মগ দেওয়া হবে। অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। বাকি ৫৭ হাজার চারা ও মগ আগামী রোববার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে দেওয়ার কথা রয়েছে।পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণে উৎসাহ দেওয়া এবং শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার উদ্দেশ্যে এই কর্মসূচি নেওয়া হয়েছে।অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের হাতে গাছের চারা ও মগ তুলে দেওয়া হচ্ছে। এ সময় প্রত্যেককে নিজের বাড়িতে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু গাছের চারা গ্রহণ করলেই হবে না, সেটির যত্ন নিয়ে বড় করার দায়িত্বও নিতে হবে। একই সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।বক্তব্যে দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন মীর শাহে আলম। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ তুলে তিনি বলেন, সরকার এখনো সহনশীল অবস্থানে রয়েছে। তবে এই অবস্থানকে দুর্বলতা মনে করার সুযোগ নেই।তাঁর দাবি, গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকায় সাম্প্রতিক অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে। এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী।গোপালগঞ্জের সহিংসতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, সেখানে দুটি থানায় আগুন দেওয়া হয়েছে। পাশাপাশি সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ, তিন নেতাকর্মীকে হত্যা এবং ট্রাকে আগুন দিয়ে চালককে হত্যার অভিযোগও তুলে ধরেন তিনি।মীর শাহে আলম বলেন, দেশের মানুষ শান্তি ও উন্নয়ন চায়। সহিংসতার মাধ্যমে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক নেতৃত্বের প্রশংসা করেন প্রতিমন্ত্রী। দেশের উন্নয়ন ও মানুষের জীবনমান পরিবর্তনে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানান তিনি।স্থানীয় উন্নয়ন পরিকল্পনার বিষয়ে মীর শাহে আলম বলেন, তরুণদের সারা বছর খেলাধুলায় সম্পৃক্ত রাখতে প্রতি উপজেলায় ইনডোর স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ রয়েছে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।মোকামতলাসহ নতুন তিনটি পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, ডিজিটাল মাস্টারপ্ল্যানের মাধ্যমে নাগরিক সুবিধা, যোগাযোগব্যবস্থা, পানি নিষ্কাশন ও আধুনিক নগরসেবার উন্নয়ন করা হবে।এ ছাড়া আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়া সফরের পরিকল্পনার কথা জানান মীর শাহে আলম।তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে ওই দিন প্রধানমন্ত্রী মোকামতলা হাইস্কুল মাঠে উপস্থিত হয়ে নবগঠিত মোকামতলা উপজেলা, থানা ও পৌরসভার কার্যক্রম উদ্বোধন করবেন। একই সফরে মোকামতলা-কালাই-জয়পুরহাট ও হিলি ছয় লেন সড়ক নির্মাণকাজ উদ্বোধনের পরিকল্পনাও রয়েছে।অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বগুড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি