ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

২০২৭ সালে স্কুলে ভর্তি পরীক্ষার প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে রিট খারিজ!

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা নেওয়ার প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে প্রথম শ্রেণিতে লটারি এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সরকারি সিদ্ধান্ত বহাল রইল।আজ রোববার (১৫ নভেম্বর ২০২৬) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. জাহিদ তালুকদার।শুনানি শেষে আইনজীবী মো. জাহিদ তালুকদার সাংবাদিকদের জানান, শুনানিতে আদালত পর্যবেক্ষণ দিয়ে বলেছেন—স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি এবং পরীক্ষা দুটোরই সুবিধা-অসুবিধা রয়েছে। তবে পরীক্ষাই বেশি ভালো, কারণ সেখানে মেধাবীরা সুযোগ পাবে। এ ছাড়া স্কুলে ভর্তির বিষয়টি সরকারের নীতিমালার (পলিসি ম্যাটার) বিষয় উল্লেখ করে আদালত বলেন, সরকারের নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে তাঁরা কোনো ধরনের হস্তক্ষেপ করবেন না। এরপরই রিট আবেদনটি খারিজ করে দেন আদালত।আইনজীবী জাহিদ তালুকদার আরও জানান, আজকের রায়ের লিখিত আদেশ পাওয়ার পর তা পর্যালোচনা করে আপিল বিভাগে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।এর আগে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৭ সালে ভর্তি পরীক্ষা নেওয়ার প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে গত ৭ অক্টোবর হাইকোর্টে রিটটি দায়ের করা হয়। ‘মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্স ফাউন্ডেশন’-এর পক্ষে সংগঠনের নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ রিটটি দায়ের করেন। রিটে শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক এবং মাউশির উপসচিবকে বিবাদী করা হয়েছিল।উল্লেখ্য, ২০২১ শিক্ষাবর্ষে সারা দেশের সরকারি বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির জন্য পরীক্ষা না নিয়ে ডিজিটাল লটারি করার সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন সরকার। কিন্তু ক্ষমতায় আসার পর বর্তমান সরকার লটারি পদ্ধতি বাতিল করে স্কুলগুলোতে পুনরায় ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়। গত ১৬ মার্চ এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই তথ্য জানান এবং ওই দিনই মন্ত্রণালয়ের পক্ষ থেকে লটারি বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়। পরবর্তী সময়ে সংশোধিত আরেকটি প্রজ্ঞাপনে জানানো হয়, কেবল প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি নেওয়া হবে এবং দ্বিতীয় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।রিট আবেদনের পর আইনজীবী জাহিদ তালুকদার জানিয়েছিলেন, সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিশুদের ভর্তির ক্ষেত্রে বিদ্যমান লটারি পদ্ধতি বাতিলের ঘোষণা দেওয়ার পর এ নিয়ে তুমুল বিতর্ক দেখা দেয়। শিক্ষাবিদদের আশঙ্কা—এই ব্যবস্থার ফলে কোচিং বাণিজ্য মাথাচাড়া দিয়ে উঠবে এবং খুদে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার নামে মানসিক চাপের মুখে পড়বে। এ ছাড়া স্কুল পর্যায়ে ভর্তি পরীক্ষার নিয়ম সমাজে অসমতা তৈরি করবে উল্লেখ করে তিনি বলেন, সমাজের দরিদ্র শ্রেণির শিশুরা কোচিং ও টিউটরের ব্যয় বহন করতে পারবে না, ফলে তারা পিছিয়ে পড়বে। মূলত এসব কারণেই জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করা হয়েছিল।

২০২৭ সালে স্কুলে ভর্তি পরীক্ষার প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে রিট খারিজ!