ঢাকা    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পোশাক খাতে স্থিতিশীলতা ফেরাতে সরকার ও মালিকপক্ষের বৈঠক

তৈরি পোশাক খাতের শ্রমিকদের চলমান তীব্র আন্দোলন ও সড়ক অবরোধের মধ্যেই সংকট নিরসনে গার্মেন্টস মালিক পক্ষের নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।সোমবার (২ নভেম্বর ২০২৬) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এ উচ্চপর্যায়ের বৈঠক শুরু হয়।বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং বিজিএমইএ ও বিকেএমইএর শীর্ষ মালিক নেতারা উপস্থিত রয়েছেন। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা কৌশল নির্ধারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নিয়েছেন।এদিকে রাজধানীসহ সংলগ্ন শিল্পাঞ্চলগুলোতে শ্রমিক অসন্তোষ ক্রমেই ছড়িয়ে পড়ছে। ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরের বিভিন্ন পয়েন্টে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ অব্যাহত রেখেছেন পোশাক কারখানার শ্রমিকরা। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং মহাসড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ ও যৌথ বাহিনীর পাশাপাশি ঘটনাস্থলে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।একই দাবিতে ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলেও ব্যাপক শ্রমিক বিক্ষোভ দেখা দিয়েছে। আশুলিয়া এলাকায় শত শত শ্রমিক প্রধান সড়ক অবরোধ করে স্লোগান দিচ্ছেন। যান চলাচল স্বাভাবিক করতে এবং জানমালের নিরাপত্তা রক্ষার্থে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। সচিবালয়ের বৈঠক থেকে শিল্পাঞ্চল শান্ত রাখা এবং কারখানা সচল রাখার বিষয়ে সুনির্দিষ্ট রূপরেখা আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পোশাক খাতে স্থিতিশীলতা ফেরাতে সরকার ও মালিকপক্ষের বৈঠক