ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মহেশপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সংস্থাটির দাবি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ওই চেষ্টা বিজিবির টহলদলের বাধায় ব্যর্থ হয়।রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে মহেশপুর উপজেলার খোশালপুর বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।৫৮ বিজিবি (মহেশপুর ব্যাটালিয়ন) জানায়, সীমান্ত পিলার ৬০/৯৮-আর বরাবর একটি গেট দিয়ে অজ্ঞাতপরিচয় এক পুরুষকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছিল।বিজিবির ভাষ্য অনুযায়ী, ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের রামনগর ক্যাম্পের সদস্যরা ওই ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেন। বিষয়টি নজরে আসার পর খোশালপুর বিওপির টহলদল দ্রুত ঘটনাস্থলে অবস্থান নেয় এবং তাকে বাংলাদেশে প্রবেশে বাধা দেয়।মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির বাধার কারণে পুশ-ইনের চেষ্টা সফল হয়নি। পরে ওই ব্যক্তি ভারতের অভ্যন্তরে সীমান্তের কাঁটাতারের কাছে অবস্থান নেন।ঘটনার বিষয়ে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে বলেও জানিয়েছে বিজিবি।বিজিবি আরও জানায়, সীমান্ত সুরক্ষা, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তাদের সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। যেকোনো ধরনের অবৈধ সীমান্ত অতিক্রম ঠেকাতে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।

মহেশপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ