ঢাকা    শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আমিনবাজারে পুলিশ কর্মকর্তা হত্যার বিচার ও মাদকমুক্ত সমাজের দাবিতে বিক্ষোভ

সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক আলতাব হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা। একই সঙ্গে আমিনবাজারকে মাদকমুক্ত করার জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন তারা।শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে কয়েক শতাধিক স্থানীয় মুসল্লি ও বাসিন্দা অংশ নেন। এ সময় বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করে পুলিশ কর্মকর্তা হত্যার বিচার এবং মাদকবিরোধী ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।বিক্ষোভে বক্তারা অভিযোগ করেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আলতাব হোসেনকে মারধর করে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।বক্তারা আরও অভিযোগ করেন, আমিনবাজারের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবার চললেও তা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাদের দাবি, মাদক ব্যবসার কারণে স্থানীয় আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।মানববন্ধনে স্থানীয় বাসিন্দা ইমন মাহমুদ মান্না অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে আমিনবাজারে মাদক কারবারিদের প্রভাব রয়েছে। তার দাবি, কিছু এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ থাকলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।আমিনবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন ফালান বলেন, পুলিশ কর্মকর্তা হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদারের আহ্বান জানান তিনি। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে স্থানীয় কয়েক শতাধিক মানুষ অংশ নেন। বক্তারা পুলিশ কর্মকর্তা আলতাব হোসেন হত্যার সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিচার এবং আমিনবাজারকে মাদকমুক্ত করতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ দাবি করেন।

আমিনবাজারে পুলিশ কর্মকর্তা হত্যার বিচার ও মাদকমুক্ত সমাজের দাবিতে বিক্ষোভ