ঢাকা    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত?

দুই দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বড় অঙ্কে বাড়ল স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকায়।সোমবার (২ নভেম্বর ২০২৬) সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই মূল্য সমন্বয়ের তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই বর্ধিত দর সোমবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। এর আগে গত ৩১ অক্টোবর দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়েছিল সংগঠনটি।বাজুসের নতুন দরতালিকা অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।বিজ্ঞপ্তিতে বাজুস স্পষ্ট করে জানিয়েছে, অলঙ্কারের ডিজাইন ও কারুকাজ অনুযায়ী নির্ধারিত মজুরি প্রযোজ্য হবে। তবে যেহেতু স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে সরকারি ভ্যাট অন্তর্ভুক্ত করেই সমন্বিত দর ঘোষণা করা হয়েছে, তাই ক্রেতাদের কাছ থেকে আলাদা করে কোনো ভ্যাট আদায় করা যাবে না।চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ১৩১ বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস। এর মধ্যে ৬৩ বার মূল্য বাড়ানো হয়েছে, ৬৭ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়। উল্লেখ্য, পূর্ববর্তী ২০২৫ সালে বাজুস মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল, যার মধ্যে ৬৪ বার বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।

স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত?