ইয়ামালের পায়ে বল নিতে দেবে না পিএসজি!
উয়েফা চ্যাম্পিয়নস লিগের হাইভোল্টেজ মেগা ম্যাচে আজ মঙ্গলবার রাতে মুখোমুখি হচ্ছে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি ও স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচে জয় তুলে নিয়ে রীতিমতো অপ্রতিরোধ্য ফর্মে রয়েছে কাতালান ক্লাবটি। দুর্দান্ত ছন্দে থাকা এই বার্সেলোনাকে নিজেদের ঘরের মাঠে পরাস্ত করতে হলে পিএসজিকে নিজেদের সেরা পারফরম্যান্সেরও বেশি কিছু দেখাতে হবে। তবে সেই পথ জানা আছে পিএসজির স্প্যানিশ কোচ লুইস এনরিকের—আটকাতে হবে বার্সার তরুণ সেনসেশন লামিন ইয়ামালকে।গত আসরে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছিল পিএসজি। সেই ম্যাচে পিএসজির পর্তুগিজ লেফট ব্যাক নুনো মেন্দেসের সঙ্গে ইয়ামালের দ্বৈরথ ফুটবলপ্রেমীদের নজর কেড়েছিল। তবে চোটের কারণে গুরুত্বপূর্ণ এই ম্যাচে মাঠে নামতে পারছেন না মেন্দেস। ফলে ইয়ামালকে সামলানোর মূল দায়িত্ব পড়তে পারে লুকাস দিনের ওপর। তবে কোনো একক ডিফেন্ডার দিয়ে নয়, বরং ইয়ামালকে আটকাতে পুরো দলের সম্মিলিত প্রচেষ্টাই একমাত্র সমাধান বলে মনে করেন এনরিকে।ম্যাচপূর্ব আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে পিএসজি কোচ স্পষ্ট করে বলেন, “ইয়ামালকে নিষ্ক্রিয় রাখার সবচেয়ে কার্যকর উপায় হলো বার্সেলোনার পা থেকে বল দূরে রাখা। সে বল না পেলে পরিস্থিতি শান্ত থাকবে। এটা ভাবা সহজ হলেও মাঠে বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন, কারণ বার্সেলোনা এবং ইয়ামালের মতো ফুটবলারদের বিপক্ষে খেলা সবসময়ই বড় চ্যালেঞ্জ।” তিনি আরও যোগ করেন, “তাদের মতো বিশ্বমানের দলকে থামাতে হলে মাঠের পুরো সময়জুড়ে শতভাগ মনোযোগ ও দলীয় ঐক্য ধরে রাখতে হবে। আর হুমকিটা কেবল ইয়ামাল একা নয়; রাফিনিয়া, পেদ্রি ছাড়াও দলে একঝাঁক বিশ্বসেরা প্রতিভাবান ফুটবলার রয়েছে।”চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে অবিশ্বাস্য ফর্মে রয়েছেন ইয়ামাল। টানা ১১ ম্যাচে জয়ের ধারায় কাতালানদের হয়ে ৯টি গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১০টি গোল। মাঠের একই পজিশন ও পিঠে একই ১০ নম্বর জার্সির কারণে হরহামেশাই তাঁর সঙ্গে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির তুলনা টানা হয়। তবে সাবেক বার্সা বস এনরিকে এই তুলনায় সরাসরি দ্বিমত পোষণ করেন।এনরিকে বলেন, “আমি বিশ্বাস করি লামিন নিজের পরিচয়েই বিশ্ব ফুটবলে প্রতিষ্ঠিত হতে চায় এবং সে প্রতিটি বিভাগে অবিশ্বাস্য উন্নতি করছে। কিন্তু সর্বকালের সেরা ফুটবলার মেসির সঙ্গে যদি কারও তুলনা করা হয়, তবে সেখানে মেসির চেয়ে কেউই এগিয়ে থাকতে পারবে না। হয়তো ক্যারিয়ারের সায়াহ্নে গিয়ে ভবিষ্যতে এ নিয়ে আলোচনা করা যেতে পারে, তবে ঠিক এই মুহূর্তে মেসির সঙ্গে ইয়ামালকে এক পাল্লায় মাপা মোটেও সমীচীন নয়।”