পাসপোর্ট অধিদফতরের নতুন মহাপরিচালক মেজর জেনারেল আলীমুল আমীন
বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মো. আলীমুল আমীনকে বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক (ডিজি) পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে এ পদে দায়িত্ব পালন করা মেজর জেনারেল মো. নুরুল আনোয়ারকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে।জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে ২১ সেপ্টেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম।প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) দুই কর্মকর্তাকে তাদের নামের পাশে বর্ণিত পদে প্রেষণে নিয়োগ ও প্রত্যাবর্তনের জন্য তাদের চাকরি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে ন্যস্ত করা হয়েছে।এর মধ্যে মেজর জেনারেল মো. আলীমুল আমীনকে বাংলাদেশ সেনাবাহিনী থেকে বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। এ জন্য তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।অন্যদিকে, বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালকের দায়িত্বে থাকা মেজর জেনারেল মো. নুরুল আনোয়ারকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে। তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।