ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ফিলিপাইনে ফেরিতে আগুনে মৃত্যু বেড়ে ৭৭, নিখোঁজ ৮

ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের করোনের কাছে যাত্রীবাহী জাহাজ এমভি জুন অ্যাস্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৭৭ জনে দাঁড়িয়েছে। এখনো আটজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির কোস্ট গার্ড। ফিলিপাইন কোস্ট গার্ড জানিয়েছে, জাহাজটির যাত্রী তালিকায় প্রথমে ১৩২ জনের নাম থাকলেও পরে যাচাই করে দেখা যায়, চারজন আদৌ জাহাজে ওঠেননি। ফলে দুর্ঘটনার সময় জাহাজটিতে মোট ১২৮ জন ছিলেন বলে এখন নিশ্চিত করা হয়েছে। কোস্ট গার্ডের মুখপাত্র কমোডর নোমি কায়াবিয়াব জানান, যাচাই করা ওই চারজনের মধ্যে তিনজন ভুলবশত করোন থেকে ম্যানিলার বদলে ম্যানিলা থেকে করোনের টিকিট কেটেছিলেন। অপর একজন আগেই অন্য জাহাজে করে করোনে পৌঁছে গিয়েছিলেন।সবশেষ হিসাব অনুযায়ী, ৭৭ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে, ৪৩ জন জীবিত উদ্ধার হয়েছেন এবং আটজন এখনো নিখোঁজ রয়েছেন। মৃতের সংখ্যা ৭৭-এ পৌঁছায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উদ্ধার হওয়া এক নাবিকের মৃত্যুর পর। কোস্ট গার্ড জানিয়েছে, তিনি মঙ্গলবার হাসপাতালে মারা যান। এমভি জুন অ্যাস্টার ৮ সেপ্টেম্বর রাতে ম্যানিলা থেকে করোনের উদ্দেশে যাত্রা শুরু করে। পরদিন সন্ধ্যায় করোনের কাছাকাছি সমুদ্র এলাকায় জাহাজটিতে আগুন লাগে। কোস্ট গার্ডের প্রাথমিক তথ্যে বলা হয়েছে, কার্গো হোল্ডে বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে এর চূড়ান্ত কারণ এখনো তদন্তাধীন। দুর্ঘটনার পর জাহাজটির বিভিন্ন অংশে দীর্ঘ সময় ধরে তাপ ও ধোঁয়া থাকায় উদ্ধার তৎপরতা বাধাগ্রস্ত হয়। পরে উদ্ধারকারীরা জাহাজের ভেতর থেকে একের পর এক মরদেহ উদ্ধার করেন। ফিলিপাইন কোস্ট গার্ড জানিয়েছে, যাত্রী তালিকা, টিকিটের তথ্য ও উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিচয় মিলিয়ে দেখার কাজ এখনো চলছে। একই সঙ্গে অগ্নিকাণ্ডের কারণ, নিরাপত্তাব্যবস্থা এবং জাহাজ পরিচালনায় কোনো গাফিলতি ছিল কি না, তা নিয়েও তদন্ত করা হচ্ছে। সূত্র: আনাদোলু এজেন্সি

ফিলিপাইনে ফেরিতে আগুনে মৃত্যু বেড়ে ৭৭, নিখোঁজ ৮