মধ্যপ্রাচ্যে স্বস্তির বার্তা? যুদ্ধবিরতির পর গোপন আলোচনায় ইরান-যুক্তরাষ্ট্র
টানা উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার পর গত দুই দিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি কার্যত মেনে চলছে। উভয় পক্ষই আপাতত নতুন করে বড় ধরনের সামরিক অভিযান থেকে বিরত রয়েছে, যা মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিছুটা কমার ইঙ্গিত দিচ্ছে। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা না চালালে তারাও সামরিক জবাব দেবে না। একই সঙ্গে ওয়াশিংটনও সাময়িকভাবে হামলা স্থগিত রেখে কূটনৈতিক প্রচেষ্টাকে সুযোগ দিচ্ছে।[BANGVIEWS-POST:2585]এদিকে কাতার ও পাকিস্তারের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে নেপথ্যে আলোচনা অব্যাহত রয়েছে। মধ্যস্থতাকারীরা জানিয়েছেন, পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা, হরমুজ প্রণালিতে নিরাপদ নৌচলাচল এবং ভবিষ্যৎ সংঘাত এড়াতে একটি কার্যকর কাঠামো তৈরির বিষয়ে আলোচনা চলছে। ইতোমধ্যে উচ্চপর্যায়ের একটি কমিটি এবং কারিগরি পর্যায়ের একাধিক ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে, যা আলোচনাকে এগিয়ে নিতে কাজ করছে। [BANGVIEWS-POST:2584]তবে এখনো কোনো চূড়ান্ত সমঝোতা বা শান্তি চুক্তি হয়নি। মধ্যস্থতাকারীরা বলছেন, আলোচনা ইতিবাচক পরিবেশে এগোলেও গুরুত্বপূর্ণ কয়েকটি ইস্যুতে সমাধান না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি নাজুক অবস্থায় থাকবে। তবুও সামরিক উত্তেজনার পরিবর্তে কূটনৈতিক সংলাপ শুরু হওয়ায় দীর্ঘমেয়াদি সমাধানের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।