পাবিপ্রবির প্রথম সমাবর্তন মার্চে, সম্ভাব্য তারিখ নির্ধারণ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রথম সমাবর্তন আগামী বছরের ১৫ অথবা ১৬ মার্চ আয়োজনের সম্ভাবনা রয়েছে। রাষ্ট্রপতির কার্যালয় ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের আলোচনায় প্রাথমিকভাবে এই দুই দিনের যেকোনো একটিকে সম্ভাব্য তারিখ হিসেবে বিবেচনা করা হয়েছে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। এতে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান উপস্থিত ছিলেন।সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনের পাশাপাশি শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, নতুন বিভাগ চালু এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।প্রতিষ্ঠার পর এবারই প্রথম সমাবর্তন আয়োজনের উদ্যোগ নিয়েছে পাবিপ্রবি। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে বিভিন্ন প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে।বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো সম্প্রসারণের বিষয়টিও রাষ্ট্রপতির কাছে তুলে ধরা হয়। বর্তমানে পাবিপ্রবির প্রায় ৩০ একর জমি রয়েছে। ভবিষ্যতে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের পরিধি বাড়াতে আরও ৪৫ একর ভূমি অধিগ্রহণের প্রয়োজনীয়তার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।এ ছাড়া দেশ-বিদেশের চাকরির বাজারে চাহিদা রয়েছে—এমন বিষয়কে গুরুত্ব দিয়ে নতুন বিভাগ চালুর পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি পরিবর্তনশীল প্রযুক্তি ও শ্রমবাজারের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে সামঞ্জস্যপূর্ণ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।রাষ্ট্রপতি দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়ানো এবং দেশ-বিদেশের কর্মসংস্থানের উপযোগী প্রযুক্তি, প্রকৌশল ও কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।বর্তমানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঁচটি অনুষদের অধীনে ২১টি বিভাগে শিক্ষা কার্যক্রম চলছে। ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় একাডেমিক কার্যক্রমের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সক্ষমতা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।