রায়পুরায় পানিতে ডুবে চার মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
নরসিংদীর রায়পুরায় খালের পানিতে ডুবে চার মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিক্ষার্থী আহত হয়েছে।বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।মারা যাওয়া শিক্ষার্থীরা হলো বড়কান্দা এলাকার শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯), বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০) ও জান্নাত (৮)। তারা সবাই স্থানীয় গাউছিয়া নূরে মদিনা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী।[BANGVIEWS-POST:1925]পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পর ছয় শিক্ষার্থী পাশের একটি খালে গোসল করতে নামে। একপর্যায়ে সাঁতার না জানায় তাবিয়া, আয়েশা, সুমাইয়া ও জান্নাত পানিতে তলিয়ে যায়।তাদের সঙ্গে থাকা অন্য দুই শিক্ষার্থী কোনোভাবে তীরে উঠে স্থানীয় বাসিন্দাদের বিষয়টি জানায়। পরে স্থানীয়রা খালে নেমে চারজনকে উদ্ধার করেন।উদ্ধারের পর তিন শিক্ষার্থীকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সুমাইয়ার মৃত্যু হয় ঘটনাস্থলেই। আহত দুই শিক্ষার্থীকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।চান্দেরকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য জিয়াউর রহমান বলেন, ছয় শিশু খালে গোসল করতে নেমেছিল। এ সময় চারজন পানিতে তলিয়ে যায়। অন্য দুজন কোনোমতে তীরে উঠে আসে।[BANGVIEWS-POST:1924]মারা যাওয়া তাবিয়ার বাবা শামীম মিয়া বলেন, “তাবিয়া আমার একমাত্র মেয়ে। অন্য শিশুদের সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে।”রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুর রহমান জানান, বেলা ১টার দিকে তিন শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়।রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।একসঙ্গে চার শিশুর মৃত্যুতে বড়কান্দা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।