ঘন কুয়াশায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশার কারণে দুই ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে আবার ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে এ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হতে থাকে। এর আগে ভোরে পদ্মা নদী অববাহিকায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুস সালাম ফেরি চলাচল বন্ধ ও পুনরায় চালুর বিষয়টি নিশ্চিত করেছেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোর থেকেই পদ্মা নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা আরও ঘন হয়ে ওঠে। একপর্যায়ে নদীতে কাছাকাছি দূরত্বের বস্তু দেখাও কঠিন হয়ে পড়ে। এতে ফেরি চলাচলের সময় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে সকাল ৬টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটের বিভিন্ন পন্টুনে মোট ৯টি ফেরি নোঙর করে রাখা হয়। এর মধ্যে পাটুরিয়া প্রান্তের ৩ নম্বর ঘাটে খান জাহান আলী ও বাইগার, ৪ নম্বর ঘাটে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এবং ৫ নম্বর ঘাটে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ফেরি অবস্থান করছিল।অন্যদিকে দৌলতদিয়া প্রান্তের ৩ নম্বর ঘাটে পায়রা ও বিএস ডা. গোলাম মাওলা, ৪ নম্বর ঘাটে হাসনাহেনা এবং ৭ নম্বর ঘাটে ধলেশ্বরী ও কেরামত আলী ফেরি নোঙর করা ছিল। এ ছাড়া বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের একটি ফেরি মাঝনদীতে আটকা পড়ে।বিআইডব্লিউটিসির আরিচা সেক্টরের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুস সালাম জানান, ঘন কুয়াশার কারণে সকাল ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে কুয়াশার ঘনত্ব কমে দৃষ্টিসীমা স্বাভাবিক পর্যায়ে এলে সকাল ৮টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়।