পাকিস্তানের পার্লামেন্ট হাউস পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন
পাকিস্তানের পার্লামেন্ট হাউস পরিদর্শন করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তাঁর নেতৃত্বে সফররত সংসদীয় প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। এ সময় দুই দেশের সংসদীয় সম্পর্ক, বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।বুধবার (২৫ নভেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটির পার্লামেন্ট হাউস পরিদর্শন করে বাংলাদেশের প্রতিনিধিদল। সেখানে পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে বাংলাদেশের স্পিকার পার্লামেন্ট হাউসের প্রাঙ্গণে ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরা বা হিমচাঁপা গাছের একটি চারা রোপণ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক এবং বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা।বৃক্ষরোপণ শেষে বাংলাদেশ ও পাকিস্তানের অগ্রগতি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত প্রতিনিধিরা।পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রতিনিধিদলের সদস্যদের নিয়ে পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশনকক্ষ পরিদর্শন করেন।এ সময় পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিক বাংলাদেশের প্রতিনিধিদলকে জাতীয় পরিষদ হলের ঐতিহাসিক গুরুত্ব এবং দেশটির সংসদীয় কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। পাকিস্তানের আইন প্রণয়ন পদ্ধতি ও সংসদের কার্যক্রম পরিচালনার বিভিন্ন বিষয়ও তুলে ধরেন তিনি।দুই দেশের সংসদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব নিয়েও আলোচনা হয়।পাকিস্তানের জাতীয় পরিষদের তথ্য অনুযায়ী, বাংলাদেশের জাতীয় সংসদের কোনো স্পিকারের দেশটিতে এটিই প্রথম আনুষ্ঠানিক সফর। ফলে সফরটিকে দুই দেশের সংসদীয় কূটনীতির একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছে ইসলামাবাদ। এর আগে পাকিস্তানে পৌঁছানোর পর হাফিজ উদ্দিন আহমদ ও তাঁর নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে স্বাগত জানান সরদার আয়াজ সাদিক। সফরকালে দুই দেশের সংসদীয় যোগাযোগ বৃদ্ধি এবং প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের পাশাপাশি সংসদীয় পর্যায়ে সহযোগিতা সম্প্রসারণের সুযোগও তৈরি হয়েছে এই সফরের মাধ্যমে।তবে বুধবারের পার্লামেন্ট হাউস পরিদর্শনকালে দুই দেশের মধ্যে নতুন কোনো চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরের তথ্য জানানো হয়নি।