ঢাকা    শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক, ইতালির কোচ হচ্ছেন না পিরলো

ইতালি জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হওয়ার দৌড় থেকে ছিটকে গেছেন আন্দ্রেয়া পিরলো। রাশিয়ার একটি বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে তার বাণিজ্যিক সম্পর্ক ঘিরে রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক আপত্তি ওঠার পর শেষ মুহূর্তে তার নিয়োগ প্রক্রিয়া থামিয়ে দিয়েছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন।২০০৬ বিশ্বকাপজয়ী এই সাবেক মিডফিল্ডারকে ইতালির নতুন কোচ হওয়ার অন্যতম প্রধান প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছিল। তবে রুশ বেটিং প্রতিষ্ঠান ফনবেটের বৈশ্বিক দূত হিসেবে তার ভূমিকা নিয়ে ইতালিতে ব্যাপক সমালোচনা শুরু হয়। ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে পিরলো জানান, আগের রাতে তাকে জানানো হয়েছে যে ইতালি জাতীয় দলের কোচ হওয়ার জন্য আর তার নাম বিবেচনা করা হচ্ছে না। ঘটনাটিতে হতাশা প্রকাশ করলেও তিনি ইতালিয়ান ফুটবলের প্রতি নিজের ভালোবাসা ও সম্মানের কথা উল্লেখ করেন।বর্তমানে দুবাইয়ের ইউনাইটেড এফসির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন পিরলো। তার দাবি, ফনবেটের সঙ্গে চুক্তিটি সংযুক্ত আরব আমিরাতে পেশাগত কাজের অংশ হিসেবে করা হয়েছিল। এই সম্পর্ক পুরোপুরি বাণিজ্যিক ও ক্রীড়াভিত্তিক এবং এর সঙ্গে কোনো রাজনৈতিক উদ্দেশ্য জড়িত নয় বলেও জানান তিনি।[BANGVIEWS-POST:2636] সম্প্রতি মস্কোয় ফনবেট আয়োজিত একটি অনুষ্ঠানে পিরলোর উপস্থিতির পর বিতর্ক আরও বেড়ে যায়। ইতালির কয়েকজন রাজনীতিবিদ ও ফুটবল কর্মকর্তা বলেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে ইতালির অবস্থানের সঙ্গে এমন বাণিজ্যিক সম্পর্ক সাংঘর্ষিক হতে পারে।পিরলো অবশ্য তার বিরুদ্ধে ওঠা রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, বিভিন্ন দেশে কাজ করার সময় সব ধরনের আইন ও চুক্তির শর্ত মেনেই তিনি পেশাগত দায়িত্ব পালন করেছেন।ফেডারেশনের নতুন টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি পিরলোকে কোচ করার পক্ষে ছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। কিন্তু ফেডারেশন ও রাজনৈতিক মহলের আপত্তির কারণে শেষ পর্যন্ত নিয়োগটি আর এগোয়নি। এই সিদ্ধান্তের পর মালদিনি নিজের দায়িত্বে থাকা নিয়ে নতুন করে ভাবছেন বলেও খবর প্রকাশিত হয়েছে। ইতালির কোচের পদ শূন্য হওয়ায় এখন নতুন প্রার্থী খুঁজতে হবে ফেডারেশনকে। এর আগে পেপ গার্দিওলা ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন বলে রয়টার্স জানিয়েছে।

বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক, ইতালির কোচ হচ্ছেন না পিরলো