পশ্চিম তীরে মার্কিন সাংবাদিককে পে'টাল বসতি স্থাপনকারীরা, ক্ষু'দ্ধ যুক্তরাষ্ট্র
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে এক মার্কিন নারী আলোকচিত্র সাংবাদিকের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বর্বরোচিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এ ধরনের চরম সহিংসতা অবিলম্বে বন্ধ করতে ইসরায়েল সরকারকে কার্যকর ও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আনুষ্ঠানিক আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, পশ্চিম তীরে কোনো নতুন সংকট বা অস্থিতিশীল উত্তেজনা দেখতে চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও বলেন, প্রখ্যাত মার্কিন ফটোসাংবাদিক হেইডি লেভিনের ওপর হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র অত্যন্ত উদ্বিগ্ন। তিনি উল্লেখ করেন, ইসরায়েলি কর্তৃপক্ষকে এ জাতীয় সহিংসতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে যুক্তরাষ্ট্র অতীতেও বলেছে এবং এখনো সেই অবস্থানে অনড় রয়েছে।ঘটনাটির প্রকৃত সত্যতা ও বিস্তারিত তথ্য অনুসন্ধানের জন্য তেলআবিবস্থ মার্কিন দূতাবাসের সঙ্গে সমন্বয় করা হয়েছে বলে জানান রুবিও। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, অধিকৃত পশ্চিম তীরে পেশাগত দায়িত্ব পালনকালে কট্টরপন্থি ইসরায়েলি বসতি স্থাপনকারীদের একটি দলের ঘেরাওয়ের মুখে পড়েন লেভিন এবং তাঁদের সরাসরি মারধরের শিকার হন। ঘটনার প্রকাশিত ভিডিও ও প্রতিবেদনগুলোকে অত্যন্ত উদ্বেগজনক আখ্যা দিয়ে রুবিও বলেন, দৃশ্যমান পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই চরমপন্থি ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর থেকে পূর্ববর্তী মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছিলেন। সেই সিদ্ধান্তের কারণে বসতি স্থাপনকারীরা সহিংসতায় উৎসাহিত হচ্ছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী রুবিও স্পষ্ট করেন যে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের অর্থ এই নয় যে ট্রাম্প প্রশাসন বর্তমানের এই বর্বর সহিংসতাকে সমর্থন করে। গণমাধ্যমে যা প্রচারিত হচ্ছে, তা কোনোভাবেই মার্কিন নীতি বা সমর্থনের অংশ নয়।একই সঙ্গে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ঐতিহ্যবাহী জলপাই সংগ্রহের মৌসুমে বসতি স্থাপনকারীদের পরিকল্পিত হামলা ও সহিংসতা বৃদ্ধির আশঙ্কা নিয়েও গভীর উদ্বেগ জানান রুবিও। তিনি বলেন, এ সময়ে সাধারণ কৃষকদের সমাগম বাড়ে, ফলে নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর হয়ে ওঠে। ওয়াশিংটন পরিস্থিতি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এই উত্তেজনা লেবানন সীমান্তেও ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেন তিনি।