ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পল্টন থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত সড়ক হকারমুক্ত ঘোষণা

রাজধানীর পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট হয়ে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। নির্ধারিত এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে হকার বসলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে সংস্থাটি।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) হকারমুক্ত ঘোষণা করা সড়ক ও ফুটপাতের পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।পরিদর্শনের সময় তিনি জানান, পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট হয়ে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়কে হকার বসার অনুমতি দেওয়া হবে না। এ সিদ্ধান্ত বাস্তবায়নে নিয়মিত নজরদারি চালানো হবে এবং কেউ নিয়ম ভাঙলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।ডিএসসিসি প্রশাসক বলেন, হকারদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এ বিষয়ে একাধিক দফা আলোচনা হয়েছে। আলোচনায় প্রতিনিধিরা নির্ধারিত মূল সড়ক ছেড়ে দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছেন। পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে সবার সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।তবে রমনা ভবনসংলগ্ন পূর্ব পাশের ফুটপাতে পথচারীদের চলাচলের পর্যাপ্ত জায়গা রেখে নিবন্ধিত নির্দিষ্টসংখ্যক হকারকে নির্ধারিত স্থানে বসার সুযোগ দেওয়া হবে। নির্ধারিত স্থান, সময় ও সংখ্যার বাইরে কিংবা নিবন্ধন ছাড়া হকার বসার সুযোগ থাকবে না বলে জানিয়েছে ডিএসসিসি।হকারদের নিবন্ধন ফি কমানোর দাবি প্রসঙ্গে আবদুস সালাম জানান, বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।এদিন এক ঘণ্টার বেশি সময় পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট পর্যন্ত অবস্থান করে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখার কার্যক্রম পর্যবেক্ষণ করেন ডিএসসিসি প্রশাসক। এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন হকার সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পল্টন থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত সড়ক হকারমুক্ত ঘোষণা