পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম হত্যা মামলায় গ্রেপ্তার ৫ জন
নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলওয়ে স্টেশনের পরিচ্ছন্নতাকর্মী ও বাক্প্রতিবন্ধী ববি বেগম হত্যা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে ভৈরব রেলওয়ে থানা পুলিশ।রেলওয়ে ডিবি পুলিশ ও নরসিংদী র্যাব-১১ ক্যাম্পের সহায়তায় ৯ জুলাই থেকে ১০ জুলাই ভোর পর্যন্ত ঢাকা, নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।[BANGVIEWS-POST:1539]গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাকিব মিয়া, ইলিয়াস হোসেন, বিল্লাল মিয়া, দ্বীন ইসলাম ও রিফাত মিয়া। ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, গত ৫ জুলাই রাত দুইটার দিকে মেথিকান্দা রেলওয়ে স্টেশনের পরিত্যক্ত একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন ববি বেগম। এ সময় দুর্বৃত্তরা তাকে মারধর করে দীর্ঘদিনের জমানো প্রায় ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়।হামলায় তার চোখ, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। প্রথমে তাকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। তবে হাসপাতালে থাকতে অস্বস্তিবোধ করায় পরে তাকে স্টেশনের পরিত্যক্ত কক্ষে রাখা হয়।৮ জুলাই রাতে আবার অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসক নরসিংদী সদর হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।এ ঘটনায় ৭ জুলাই মেথিকান্দা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাহীন মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানায় মামলা করেন।[BANGVIEWS-POST:1538]ববি বেগম প্রায় ২৫ বছর ধরে মেথিকান্দা রেলওয়ে স্টেশনে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। ময়নাতদন্ত শেষে ৮ জুলাই রাতে স্টেশন-সংলগ্ন এলাকায় তাকে দাফন করা হয়। জানাজায় প্রশাসন ও পুলিশের কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং স্থানীয় শতাধিক মানুষ অংশ নেন।
ভৈরব রেলওয়ে থানার ওসি সাইদ আহমেদ বলেন, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার পাঁচজনের ঘটনার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। ১০ জুলাই আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।