সাদিক কায়েমের বাড়িতে হামলায় জড়িতদের শাস্তি দাবি পরওয়ারের
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের নিন্দা জানিয়ে দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।আজ রোববার (২২ নভেম্বর ২০২৬) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।বিবৃতিতে জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, রোববার ভোর ৩টার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং পরে কেরোসিন ঢেলে অগ্নিসংযোগ করে। এতে বাড়ির আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। এ ঘটনাকে বর্বর তাণ্ডব, নাশকতা ও নৈরাজ্য হিসেবে উল্লেখ করে তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিণতি কখনোই শুভ হবে না বলে মন্তব্য করেন।স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকার সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতীয় নেতা, ছাত্রনেতা ও ডাকসু নেতাদের বাসাবাড়ি ও আবাসস্থলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে স্বরাষ্ট্রমন্ত্রী চরম ব্যর্থতা ও উদাসীনতার পরিচয় দিয়েছেন। সরকারের এ নিষ্ক্রিয়তা ও উদাসীনতার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, আন্দোলনরত নেতৃবৃন্দকে লক্ষ্য করে হামলা ও নাশকতার চেষ্টা প্রতিরোধে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে; অন্যথায় সরকারের প্রতি জনগণের ক্ষোভ আরও বাড়বে। পাশাপাশি তিনি হামলায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।এর আগে রোববার ভোরে নিজের ফেসবুক পোস্টে সাদিক কায়েম অভিযোগ করেন, রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়িতে তাঁর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়। ঘটনার সময় বাড়িতে তাঁর বাবা-মা অবস্থান করছিলেন এবং আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই এলাকাবাসীর প্রচেষ্টায় তা নেভানো সম্ভব হওয়ায় তাঁরা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান বলে জানান তিনি।