ঢাকা    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আমার দেশ’ পত্রিকা ছেঁড়ায় রাশেদ খানের বিরুদ্ধে এনইসির নিন্দা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের প্রকাশ্যে ‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে ফেলার ভিডিও বার্তা প্রচারের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে সম্পাদকদের সংগঠন ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)। সংগঠনটি এই ঘটনাকে সংবাদপত্রের স্বাধীনতার মৌলিক নীতির ওপর সরাসরি আঘাত ও চরম উসকানিমূলক আচরণ হিসেবে আখ্যায়িত করেছে।রোববার (২ নভেম্বর ২০২৬) এনইসির সভাপতি প্রবীণ সাংবাদিক শফিক রেহমান এবং কোষাধ্যক্ষ শফিকুল আলমের যৌথ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়।বিবৃতিতে উল্লেখ করা হয়, গত শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় রাশেদ খান প্রকাশ্যে ‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে ফেলেন। এ সময় তিনি পত্রিকাটির কর্তৃপক্ষ ও এর সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেন এবং বিদ্বেষমূলক মন্তব্য ছুঁড়ে দেন। গত ৩১ অক্টোবর পত্রিকাটিতে প্রকাশিত একটি বিশেষ সংবাদের প্রতিক্রিয়ায় তিনি এ ধরনের আচরণ করেন।এনইসি নেতারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর মতো রাষ্ট্রের একটি অতি দায়িত্বশীল পদে আসীন থেকে এভাবে সংবাদপত্র ছিঁড়ে ফেলার দৃশ্য ভিডিও করে প্রচার করা একটি অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। এর মাধ্যমে তিনি স্বাধীন গণমাধ্যমের মৌলিক নীতিকে সরাসরি অস্বীকার করেছেন।বিবৃতিতে বলা হয়, কোনো সংবাদপত্রের প্রতিবেদনে সংক্ষুব্ধ হওয়ার অধিকার যে কারও রয়েছে; তবে সে ক্ষেত্রে প্রতিবাদ পাঠানো, প্রেস কাউন্সিলে অভিযোগ দায়ের কিংবা প্রচলিত আইনের আশ্রয় নেওয়ার আইনি পথ খোলা রয়েছে। তা না করে ফেসবুকে ভিডিও ছড়িয়ে দিয়ে সংবাদপত্র ও এর সম্পাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়া মূলত গণমাধ্যমকে ভীতিকর বার্তা দেওয়ার শামিল।একই সঙ্গে সম্প্রতি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ও আম-জনতা দলের সদস্য সচিব তারেক রহমান ‘আমার দেশ’-এর একটি পুরোনো খবরকে কেন্দ্র করে সম্পাদক মাহমুদুর রহমানকে আইনের আওতায় আনার যে দাবি জানিয়েছেন, সেটিকেও উসকানিমূলক এবং একজন সম্পাদকের প্রতি প্রত্যক্ষ হুমকি হিসেবে চিহ্নিত করেছে এনইসি।বিবৃতিতে এনইসি নেতৃবৃন্দ স্মরণ করিয়ে দিয়ে বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগ ‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে ফেলা, অগ্নিসংযোগ ও পত্রিকাটির কার্যালয়ে হামলার মতো বর্বর ঘটনা ঘটিয়েছিল। বর্তমান নির্বাচিত সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকেও প্রায় একই ধরনের পুনরাবৃত্তি দেখতে পাওয়া অত্যন্ত হতাশাজনক ও নিন্দনীয়। নেতৃবৃন্দ অবিলম্বে এ ধরনের আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানান এবং সম্পাদকদের হুমকি ও বিদ্বেষ ছড়ানোর মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত করার অপপ্রয়াসে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

আমার দেশ’ পত্রিকা ছেঁড়ায় রাশেদ খানের বিরুদ্ধে এনইসির নিন্দা