নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ৫০০ শয্যার ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দেশে স্নায়ুরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নতুন ৫০০ শয্যার সম্প্রসারিত ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে হাসপাতালটির নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ভবনের নির্মাণকাজ ইতোমধ্যে শেষ হয়েছে। প্রয়োজনীয় যন্ত্রপাতির অধিকাংশও স্থাপন করা হয়েছে। নতুন ৫০০ শয্যা যুক্ত হওয়ায় হাসপাতালটির মোট শয্যা সংখ্যা এখন এক হাজারে উন্নীত হয়েছে। এর ফলে দেশে বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসাসেবার সক্ষমতা আরও বাড়বে।১৫ তলা বিশিষ্ট নতুন ভবনের নিচের তিনটি তলা বেজমেন্ট হিসেবে রাখা হয়েছে। সেখানে গাড়ি পার্কিংয়ের পাশাপাশি বিভিন্ন সার্ভিস সেকশনের ব্যবস্থা রয়েছে।[BANGVIEWS-POST:3727]ভবনের ওপরের ১২ তলায় রোগীদের জন্য ওয়ার্ড, অপারেশন থিয়েটার এবং বিভিন্ন ডায়াগনস্টিক ইউনিট রাখা হয়েছে। এছাড়া নতুন ভবনে ৪০টি আইসিইউ শয্যা, ২৪টি পোস্ট-অপারেটিভ শয্যা এবং ১১২টি কেবিন রয়েছে।হাসপাতালটির সম্প্রসারণের ফলে নিউরোলজি ও নিউরোসার্জারিসহ স্নায়ুরোগের বিভিন্ন ক্ষেত্রে আরও বেশি রোগীকে বিশেষায়িত চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।উল্লেখ্য, রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগের অংশ হিসেবে ২০০৬ সালে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া।