নৌপথে যাত্রীভাড়া বাড়িয়ে সরকারের প্রজ্ঞাপন জারি
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর দেশের নৌপথে যাত্রী পরিবহনের ভাড়া বাড়িয়েছে সরকার। এ বিষয়ে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ের টিএ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯-এর ২৭ বিধি অনুযায়ী যাত্রী পরিবহনের জন্য নৌযানের সর্বোচ্চ ও সর্বনিম্ন ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে।নতুন ভাড়া অনুযায়ী, নৌপথে প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২ টাকা ৯৫ পয়সা থেকে বাড়িয়ে ৩ টাকা ১৭ পয়সা করা হয়েছে। অর্থাৎ এ ক্ষেত্রে কিলোমিটারপ্রতি ভাড়া বেড়েছে ২২ পয়সা।প্রথম ১০০ কিলোমিটারের পরবর্তী দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২ টাকা ৫২ পয়সা থেকে ১৯ পয়সা বাড়িয়ে ২ টাকা ৭১ পয়সা নির্ধারণ করা হয়েছে।এ ছাড়া নৌপথে জনপ্রতি সর্বনিম্ন যাত্রীভাড়া ৩২ টাকা থেকে ৩ টাকা বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে।প্রজ্ঞাপনে নতুন ভাড়ার হার সব নদীবন্দরের টার্মিনাল এবং নৌযানের দৃশ্যমান স্থানে বাধ্যতামূলকভাবে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রীদের সুবিধার্থে নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ্যে রাখার কথাও বলা হয়েছে।নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, নৌযানের ভাড়া নির্ধারণ সংক্রান্ত এর আগে জারি করা সব প্রজ্ঞাপন ও আদেশ বাতিল করা হয়েছে। পুনর্নির্ধারিত নতুন ভাড়া ২৪ সেপ্টেম্বর ২০২৬ থেকে কার্যকর ধরা হয়েছে।