ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নোয়াখালীর বেগমগঞ্জে ৩ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও বিশেষ নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে ৩ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ রশিদ উল্ল্যাহ (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিকেলে বেগমগঞ্জ মডেল থানাধীন দরবেশপুর এলাকায় এই সফল অভিযান পরিচালিত হয়।গ্রেপ্তারকৃত রশিদ উল্ল্যাহ কক্সবাজার জেলার সীমান্তবর্তী টেকনাফ উপজেলার বাসিন্দা।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, টেকনাফ থেকে ইয়াবার একটি বড় চালান নোয়াখালীর সুবর্ণচরে পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং এসআরবির একটি চৌকস দল বেগমগঞ্জের দরবেশপুর এলাকার একটি সিএনজি ফিলিং স্টেশন সংলগ্ন স্থানে যৌথ চেকপোস্ট বসায়। বিকেলে সন্দেহভাজন হিসেবে রশিদ উল্ল্যাহকে আটক করে তল্লাশি চালানো হলে তাঁর হেফাজত থেকে ৩ হাজার ৮৫০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট এবং মাদক কেনাবেচায় ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত রশিদ স্বীকার করেছেন, তিনি সীমান্তবর্তী টেকনাফের হ্নীলা এলাকা থেকে এই ইয়াবার চালানটি সংগ্রহ করে নোয়াখালীর সুবর্ণচরে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, অনুসন্ধানে সুবর্ণচর এলাকার শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত ‘কালা আজাদ’-এর সঙ্গে রশিদের এই চালানের সরাসরি যোগসূত্রের তথ্য পাওয়া গেছে। এই মাদক চক্রের অন্যান্য সদস্য ও পৃষ্ঠপোষকদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকমুক্ত সমাজ গঠনে তাঁদের এই জিরো টলারেন্স নীতি ও যৌথ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উপপরিদর্শক মো. হাবিবুর রহমান বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

নোয়াখালীর বেগমগঞ্জে ৩ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার