ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

৫০ হাজার টাকা না পেয়ে নিজেদের ঘরেই আগুন দুই ভাইয়ের!

শরীয়তপুরের নড়িয়ায় নেশা ও জুয়া খেলার জন্য টাকা না পেয়ে নিজেদের বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুই ভাইয়ের বিরুদ্ধে। আগুনে ঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে।শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ঘড়িসার ইউনিয়নের সবুজবাগ এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত দুই ভাই হলেন সোহান বেপারী ও ইমরান বেপারী। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছেন।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোহান ও ইমরান দীর্ঘদিন ধরে নেশা ও জুয়ায় আসক্ত। এসবের জন্য তারা প্রায়ই বাবা-মায়ের কাছে টাকা দাবি করতেন। টাকা দিতে না পারলে বাবা-মাকে মারধর, বাড়িঘর ভাঙচুরসহ নানা ধরনের নির্যাতনের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।পরিবারের সদস্যরা জানান, কিছুদিন আগে দুই ছেলেকে দেওয়ার জন্য ৩০ হাজার টাকা কিস্তিতে ঋণ নেন তাদের বাবা নাসির বেপারী। তবে সেই টাকা জুয়া ও নেশার পেছনে খরচ করে ফেলেন দুই ভাই। পরে কষ্ট করে ঋণের কিস্তি পরিশোধ করেন তাদের বাবা।শুক্রবার আবারও বাবার কাছে ৫০ হাজার টাকা দাবি করেন সোহান ও ইমরান। টাকা না দিলে বসতঘরে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দেন তারা। পরিবারের পক্ষ থেকে টাকা দিতে অস্বীকৃতি জানানো হলে নিজেদের থাকার ঘরেই আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ করা হয়েছে।খবর পেয়ে নড়িয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।নাসির বেপারীর বড় ছেলে আল আমিন বলেন, তার দুই ছোট ভাই নেশার জন্য প্রায়ই বাবা-মায়ের সঙ্গে ঝামেলা করেন। এর আগে ৩০ হাজার টাকা কিস্তিতে তুলে দেওয়া হলেও তারা সেই টাকা জুয়া ও নেশার পেছনে খরচ করে ফেলেন। পরে আবার ৫০ হাজার টাকা চেয়ে না পেয়ে ঘরে আগুন দেন।নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খান বলেন, নেশার টাকার জন্য নিজেদের ঘরে আগুন দেওয়ার বিষয়টি তারা জানতে পেরেছেন। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। মাদকের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

৫০ হাজার টাকা না পেয়ে নিজেদের ঘরেই আগুন দুই ভাইয়ের!