ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

স্বাধীনতা দিবসে মোদিকে আমন্ত্রণ নেতানিয়াহুর

আসন্ন বছর ইসরায়েলের স্বাধীনতা দিবসের ঐতিহ্যবাহী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যৌথভাবে মশাল প্রজ্বালনের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে মাঝআকাশে বিমান ছিনতাই ও দুর্ঘটনা ঠেকিয়ে ১৭০ জনের বেশি আরোহীর প্রাণ বাঁচানো ভারতীয় বাণিজ্যিক বিমানের সাহসী পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছরকেও এই ঐতিহাসিক অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আমন্ত্রণ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন কি না, সে বিষয়ে নয়াদিল্লির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো স্পষ্ট ঘোষণা দেওয়া হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) প্রধানমন্ত্রী মোদী নেতানিয়াহুর সঙ্গে আলোচনার কথা জানালেও তাতে মশাল প্রজ্বলনের আমন্ত্রণের কোনো উল্লেখ ছিল না। এমনকি ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) সরকারি বিবৃতিতেও এ বিষয়টি উল্লেখ করা হয়নি। ফোনালাপ প্রসঙ্গে নরেন্দ্র মোদী নিজের ভেরিফায়েড এক্স হ্যান্ডেলে লেখেন, “ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছ থেকে একটি ফোন পেয়েছি। আমরা আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের ধারাবাহিক অগ্রগতি পর্যালোচনা করেছি এবং অংশীদারত্বকে আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি। এ ছাড়া পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আমাদের আলোচনা হয়েছে এবং ওই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জরুরি প্রয়োজনের ওপর জোর দিয়েছি।” পিএমও-র বিবৃতিতে আরও জানানো হয়, চলমান যে কোনো সংকট সমাধানে ভারত সবসময় কূটনীতি ও গঠনমূলক আলোচনার পক্ষেই অবস্থান নেয়।অন্যদিকে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজের এক্স পোস্টে সরাসরি আমন্ত্রণের বিষয়টি প্রকাশ করে লেখেন, তিনি প্রধানমন্ত্রী মোদীকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে একজন সাহসী ভারতীয় পাইলটের সঙ্গে যৌথভাবে মশাল প্রজ্বলন করার বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন।নেতানিয়াহু আরও উল্লেখ করেন, “মোদী এই আমন্ত্রণের জন্য আমাকে ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন, স্থলপথ ও আকাশপথ—উভয় ক্ষেত্রেই ভারত ও ইসরায়েল একসঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে। তিনি আমাদের মধ্যকার শক্তিশালী ও কয়েক দশকের পুরনো অংশীদারত্বের ভূয়সী প্রশংসাও করেছেন।” সাধারণত ইসরায়েলের স্বাধীনতা দিবসের মশাল প্রজ্বলনের এই সম্মাননা দেশটির নিজস্ব নাগরিকদের জন্যই সংরক্ষিত থাকে; ফলে কোনো বিদেশি রাষ্ট্রপ্রধান ও বৈমানিককে এই আমন্ত্রণ জানানোকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কূটনৈতিক বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।সূত্র: দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া

স্বাধীনতা দিবসে মোদিকে আমন্ত্রণ নেতানিয়াহুর