হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক এমপি পাভেলকে
নীলফামারী-৪ আসনের সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেলকে রাজধানীর নিউ মার্কেট থানায় করা একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।বুধবার (২২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার দেখানো হয়।রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।[BANGVIEWS-POST:2285]আদালত সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে সাদ্দাম হোসেন পাভেলকে গ্রেফতার করা হয়েছিল। পরদিন ঢাকা কলেজের শিক্ষার্থী মাজেদুল ইসলামকে হত্যাচেষ্টার অভিযোগে নিউ মার্কেট থানায় করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।ওই মামলায় গত ১৮ মে উচ্চ আদালত থেকে জামিন পান তিনি। তবে কারাগার থেকে মুক্ত হওয়ার আগেই নিউ মার্কেট থানার আরেকটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই ওমর ফারুক।গত ১৫ জুলাই করা ওই আবেদনের শুনানির জন্য বুধবার দিন নির্ধারণ করেছিলেন আদালত।নির্ধারিত দিনে সাদ্দাম হোসেন পাভেলকে আদালতে হাজির করা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষ তাকে মামলাটিতে গ্রেফতার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরে।অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী গোলাম রাব্বানীসহ অন্য আইনজীবীরা আবেদনের বিরোধিতা করেন। তারা পাভেলকে নতুন মামলায় গ্রেফতার না দেখানোর আবেদন জানান।[BANGVIEWS-POST:2286]উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৬ জুলাই রাজধানীর নিউ মার্কেট এলাকায় একটি আন্দোলনে অংশ নিয়েছিলেন ২০ বছর বয়সী মুহাম্মদ শামীম। অভিযোগ রয়েছে, সে সময় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের হামলায় তিনি গুরুতর আহত হন।পরবর্তী সময়ে মুহাম্মদ শামীম বাদী হয়ে নিউ মার্কেট থানায় হত্যাচেষ্টার মামলা করেন। মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১১৬ জনকে আসামি করা হয়েছে।মামলার অভিযোগগুলো এখনো আদালতে প্রমাণিত হয়নি।