দেওয়ানগঞ্জে নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা গ্রেপ্তার
জামালপুরের দেওয়ানগঞ্জে নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।আজ সোমবার (২৩ নভেম্বর ২০২৬) বিকেলে তাঁদের আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গতকাল রোববার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করে দেওয়ানগঞ্জ মডেল থানা-পুলিশ।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন শাহিন (৫৫) এবং পাররামরামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম (৪৫)। সাখাওয়াত হোসেন শাহিন উত্তর মকিরচর গ্রামের আফছার আলীর ছেলে এবং শফিকুল ইসলাম ডিগ্রীরচর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।পুলিশ জানায়, আগে দায়ের করা একটি নাশকতার মামলায় আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তারের জন্য রাতে পৃথক অভিযান চালানো হয়। গ্রেপ্তারের পর তাঁদের থানায় নিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতার মামলায় আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে এবং আজ বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।