সম্ভাব্য পারমাণবিক যুদ্ধে টিকে থাকার সক্ষমতায় এগিয়ে যে ৫ দেশ
বিশ্বজুড়ে চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী সংঘাত এবং ইরান-যুক্তরাষ্ট্রের চরম বৈরিতার প্রেক্ষাপটে নতুন করে সামনে এসেছে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা। সম্ভাব্য এমন পরিস্থিতিতে বিশ্বজুড়ে মানুষের মনে প্রশ্ন জাগছে—পারমাণবিক যুদ্ধ শুরু হলে পৃথিবীর কোন দেশগুলোতে মানুষের টিকে থাকার সম্ভাবনা তুলনামূলক বেশি? আন্তর্জাতিক বিজ্ঞান ও ঝুঁকি বিশ্লেষণধর্মী একাধিক গবেষণায় উঠে এসেছে, বৈশ্বিক মহাবিপর্যয়ের পর টিকে থাকার সক্ষমতায় সবচেয়ে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আইসল্যান্ড, সলোমন দ্বীপপুঞ্জ ও ভানুয়াতুর মতো পাঁচটি দ্বীপরাষ্ট্র। তবে গবেষকেরা সতর্ক করেছেন যে, যুদ্ধক্ষেত্র থেকে হাজার হাজার কিলোমিটার দূরে অবস্থান করলেও কোনো দেশই শতভাগ বিপদমুক্ত থাকবে না।বিজ্ঞানীদের মতে, পারমাণবিক অস্ত্রের ব্যবহার হলে তার ভয়াবহতা কেবল বিস্ফোরণ বা তেজস্ক্রিয়তায় সীমাবদ্ধ থাকবে না; এর সবচেয়ে মারাত্মক পরিণতি হবে ‘পারমাণবিক শীত’ (নিউক্লিয়ার উইন্টার)। বিস্ফোরণ থেকে সৃষ্ট বিপুল ধোঁয়া ও কালি বায়ুমণ্ডলের ওপরের স্তরে উঠে সূর্যের আলো আটকে দিলে পৃথিবীর তাপমাত্রা দ্রুত কমে যাবে এবং ভেঙে পড়বে স্বাভাবিক বৃষ্টিপাত ও কৃষি উৎপাদন ব্যবস্থা। ২০২২ সালের আগস্টে বিজ্ঞান সাময়িকী ‘নেচার ফুড’-এ প্রকাশিত রাটগার্স বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বলা হয়েছে, বায়ুমণ্ডলে ৫ টেরাগ্রামের বেশি কালি ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেবে। গবেষণার মডেল অনুযায়ী, ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ হলে দুই শতাধিক কোটি এবং যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বড় সংঘাত হলে ৫০০ কোটির বেশি মানুষের প্রাণহানি হতে পারে।২০২৩ সালের সেপ্টেম্বরে ‘রিস্ক অ্যানালাইসিস’ সাময়িকীতে প্রকাশিত নিউজিল্যান্ডের গবেষক ম্যাট বয়েড ও নিক উইলসনের এক গবেষণায় খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, জ্বালানি, অবকাঠামো ও ভৌগোলিক বিচ্ছিন্নতার নিরিখে তুলনামূলক সক্ষম পাঁচটি দেশের চিত্র তুলে ধরা হয়। এছাড়া ২০২৬ সালের ২৩ আগস্ট প্রকাশিত ‘নো প্লেস টু হাইড?’ শীর্ষক সাম্প্রতিক গবেষণাতেও বৈশ্বিক বিপর্যয় মোকাবিলায় অস্ট্রেলিয়ার শীর্ষ অবস্থান নিশ্চিত করা হয়েছে।গবেষণায় উঠে আসা পাঁচ দেশের সক্ষমতা ও সীমাবদ্ধতার চিত্র নিচে তুলে ধরা হলো:১. অস্ট্রেলিয়া: বিশাল ভূখণ্ড, বিপুল খাদ্য উদ্বৃত্ত এবং শক্তিশালী অবকাঠামোর কারণে অস্ট্রেলিয়া সবচেয়ে নিরাপদ অবস্থানে রয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ হয়ে গেলেও দেশটির নিজস্ব খাদ্য সরবরাহ বজায় রাখার সক্ষমতা রয়েছে। তবে ‘অকাস’ নিরাপত্তা জোটের সদস্য হওয়া এবং ‘পাইন গ্যাপ’ গোয়েন্দা স্থাপনার কারণে দেশটির কৌশলগত ঝুঁকি পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না।২. নিউজিল্যান্ড: প্রধান সামরিক শক্তিগুলোর কেন্দ্র থেকে অনেক দূরে অবস্থান এবং কম জনসংখ্যার বিপরীতে উন্নত কৃষি ও পশুপালন ব্যবস্থা নিউজিল্যান্ডকে বড় সুবিধা দিয়েছে। তবে জ্বালানি তেল, শিল্পের কাঁচামাল ও যন্ত্রপাতির জন্য আন্তর্জাতিক বাণিজ্যের ওপর নির্ভরশীলতা দীর্ঘমেয়াদে দেশটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।৩. আইসল্যান্ড: উত্তর আটলান্টিকের এই দেশটির জনসংখ্যা অত্যন্ত কম এবং ভূতাপীয় ও জলবিদ্যুৎ শক্তির ব্যবহার দেশটিকে জ্বালানি খাতে স্বনির্ভরতা দিয়েছে। চারপাশে সমুদ্র থাকায় সামুদ্রিক খাদ্য বড় সহায়ক হতে পারে। তবে সামুদ্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হলে এবং ন্যাটোর সদস্য হওয়ার কারণে ইউরোপীয় সংঘাতের আঁচ দেশটিতেও লাগতে পারে।৪. সলোমন দ্বীপপুঞ্জ: প্রশান্ত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্রটি ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন এবং এর জনগোষ্ঠী প্রচলিত কৃষি ও মাছ ধরার ওপর নির্ভরশীল। আধুনিক প্রযুক্তির ওপর কম নির্ভরতা টিকে থাকতে সাহায্য করলেও দুর্বল অবকাঠামো, আধুনিক চিকিৎসা ও জ্বালানি সংকট রাষ্ট্রব্যবস্থা সচল রাখার ক্ষেত্রে বড় বাধা হতে পারে।৫. ভানুয়াতু: প্রাকৃতিক খাদ্য উৎপাদন এবং প্রধান যুদ্ধক্ষেত্র থেকে দূরত্ব ভানুয়াতুকে সুবিধাজনক অবস্থানে রেখেছে। কিন্তু আন্তর্জাতিক সরবরাহব্যবস্থা ভেঙে পড়লে জ্বালানি, যোগাযোগ ও আধুনিক চিকিৎসাসেবায় দেশটি তীব্র সংকটে পড়বে।অনেকেই সামরিক নিরপেক্ষতা ও বাংকার ব্যবস্থার কারণে সুইজারল্যান্ডকে সবচেয়ে নিরাপদ মনে করলেও গবেষকেরা ভিন্নমত দিয়েছেন। ইউরোপের কেন্দ্রস্থলে অবস্থিত হওয়ায় মহাদেশজুড়ে পারমাণবিক সংঘাত হলে তেজস্ক্রিয়তা ও খাদ্য সংকট থেকে সুইজারল্যান্ডও রেহাই পাবে না। অন্যদিকে উরুগুয়ে, আর্জেন্টিনা ও ব্রাজিলের মতো দক্ষিণ আমেরিকার দেশগুলোর কৃষি সক্ষমতা ভালো হলেও রাজনৈতিক স্থিতিশীলতা ও সীমান্ত নিরাপত্তা বড় চ্যালেঞ্জ হতে পারে। সার্বিকভাবে গবেষণার মূল বার্তা হলো—যুদ্ধের প্রভাব সীমান্ত মানে না, তাই দীর্ঘমেয়াদে খাদ্য ও জ্বালানি স্বনির্ভরতা ছাড়া কোনো দেশেরই শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।