নিরাপত্তা ঝুঁকিতে সৌদির দক্ষিণাঞ্চলে সতর্কতা, দ্রুত প্রত্যাহার
সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কারণে সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের আভা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান শহরে জারি করা জরুরি সতর্কতা দ্রুত প্রত্যাহার করেছে দেশটির কর্তৃপক্ষ।মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) দেশটির বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর (সিভিল ডিফেন্স) ‘জাতীয় আগাম সতর্কীকরণ প্ল্যাটফর্ম’-এর মাধ্যমে এই জরুরি বার্তা জারি করে। সম্ভাব্য সামরিক বা বিমান হামলার আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং নির্দেশিত সুরক্ষাবিধি অনুসরণের আহ্বান জানিয়ে শহরগুলোতে জরুরি সাইরেন বাজানো হয়। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য প্রকাশ করেছে।প্রতিবেদনে জানানো হয়, নাজরান শহরে সতর্কবার্তা জারি করার মাত্র আট মিনিটের মাথায় পরিস্থিতি স্বাভাবিক ঘোষণা করে তা তুলে নেওয়া হয়। এর কিছুক্ষণ পরই আভা শহর থেকেও জারি করা সতর্কতা প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা আসে।তবে ঠিক কী ধরনের নিরাপত্তা ঝুঁকি বা আকাশপথে হামলার আশঙ্কায় এই আগাম সতর্কতা জারি করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি সৌদি প্রতিরক্ষা বা বেসামরিক কর্তৃপক্ষ। এ ঘটনায় কোনো হতাহত বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়েও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।উল্লেখ্য, প্রতিবেশী ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী ও সৌদি আরবের মধ্যকার দীর্ঘস্থায়ী সামরিক বৈরিতার কারণে সীমান্তবর্তী এসব অঞ্চলে সবসময় উচ্চ নিরাপত্তা সতর্কতা বজায় রাখা হয়। সাম্প্রতিক দিনগুলোতেও সৌদি আরবের বিমানবন্দর ও তেল অবকাঠামো লক্ষ্য করে দূরপাল্লার ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার হুমকি এবং পাল্টাপাল্টি সামরিক তৎপরতার খবর পাওয়া গেছে।সূত্র: আনাদোলু এজেন্সি