পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারণে দ্বিতীয় বৈঠক শুরু
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে সপ্তম নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠক শুরু হয়েছে। এতে শ্রমিক ও মালিক পক্ষ নিজ নিজ মজুরি প্রস্তাব লিখিতভাবে উপস্থাপন করার কথা রয়েছে।সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।এর আগে গত ৪ নভেম্বর একই কার্যালয়ে বোর্ডের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠক শেষে জানানো হয়েছিল, তৈরি পোশাকশিল্পের সংশোধিত মজুরি কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। সেই অনুযায়ী শ্রমিকদের জানুয়ারি থেকে বর্ধিত বেতন পাওয়ার কথা।গত মাস থেকে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন পোশাকশিল্পের শ্রমিকরা। এ পরিস্থিতিতে শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের জন্য গত ১ নভেম্বর সপ্তম নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার।প্রথম বৈঠকের পর সাভার, আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ কিছুটা কমেছে। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। রোববার (৮ নভেম্বর) এসব এলাকার ৩৮টি পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে।নতুন মজুরি নির্ধারণে গঠিত বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ। মালিক পক্ষের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এ বি এম সামছুদ্দিন।অন্যদিকে শ্রমিক পক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার।বোর্ডের শ্রমিক পক্ষের স্থায়ী সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। মালিক পক্ষের স্থায়ী প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব।