ঢাকা    মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হচ্ছেন র‍্যাপ তারকা নিকি মিনাজ?

দীর্ঘদিন ধরে বিশ্ব সংগীতের শীর্ষ চার্টগুলোতে আধিপত্য বিস্তার করা জনপ্রিয় মার্কিন র‍্যাপার নিকি মিনাজ এবার গানের মঞ্চ পেরিয়ে মার্কিন রাজনীতির কেন্দ্রবিন্দু হোয়াইট হাউসে প্রবেশ করতে পারেন বলে আন্তর্জাতিক অঙ্গনে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। হোয়াইট হাউসের এক শীর্ষ কর্মকর্তার রসিকতাপূর্ণ মন্তব্যকে ঘিরে শুরু হওয়া এ আলোচনা এখন বিশ্ব গণমাধ্যমের অন্যতম প্রধান চর্চার বিষয়ে রূপ নিয়েছে।গুঞ্জনের সূত্রপাত হয় হোয়াইট হাউসের যোগাযোগবিষয়ক পরিচালক স্টিভেন চিউংয়ের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট থেকে। গত ২৫ অক্টোবর ২০২৬ তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) মার্কিন প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ ‘এয়ার ফোর্স ওয়ান’-এ নিকি মিনাজের সঙ্গে আলাপচারিতার একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওর ক্যাপশনে চিউং লেখেন, “ভদ্রমহিলা ও মহোদয়গণ, আমার মনে হয়, আমরা হয়তো হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারিকে খুঁজে পেয়েছি”। উক্ত ভিডিও ক্লিপে মিনাজকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক ও পররাষ্ট্রনীতির ভূয়সী প্রশংসা করতে দেখা যায়।মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্পের সফরসঙ্গী হয়ে মিশিগানের পোর্ট হারনের এক জনসভায় যোগ দেন মিনাজ। সেখানে ট্রাম্পের সঙ্গে একই মঞ্চে উপস্থিত হয়ে তিনি উপস্থিত জনতাকে রিপাবলিকান প্রার্থীদের সমর্থনে উৎসাহিত করেন এবং ট্রাম্পের নেতৃত্বের প্রতি তাঁর আজীবন সমর্থনের ঘোষণা দেন। ট্রাম্পও মঞ্চে দাঁড়িয়ে মিনাজের বুদ্ধিমত্তা ও রূপের অকুণ্ঠ প্রশংসা করেন; যদিও মিনাজের শারীরিক অবয়ব নিয়ে ট্রাম্পের করা কিছু অনফিল্টার্ড মন্তব্য সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়।এদিকে বিশ্লেষকরা মনে করছেন, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদে মিনাজকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়ার কোনো সুনির্দিষ্ট সম্ভাবনা নেই, বরং রাজনৈতিক মনোযোগ আকর্ষণ ও ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ রসিকতার অংশ হিসেবেই মন্তব্যটি করা হয়েছে।অন্যদিকে মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডে নিকি মিনাজের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তুলে জানিয়েছে, ত্রিনিদাদ ও টোবাগোতে জন্ম নেওয়া মিনাজ শৈশবে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং নিউইয়র্কে বেড়ে ওঠেন। বছরের পর বছর সেখানে বাস করলেও তিনি এখনও যুক্তরাষ্ট্রের পূর্ণ নাগরিকত্ব লাভ করেননি, ফলে তাঁর ভোটাধিকার নিয়ে প্রশ্ন রয়েছে।উল্লেখ্য, পূর্ববর্তী প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় সিভি-সংক্রান্ত জটিলতা ও বিতর্কের জেরে পদত্যাগ করায় গত ১৬ অক্টোবর ২০২৬ থেকে পদটি শূন্য রয়েছে। মিডিয়া ব্রিফিং নিয়মিত রাখতে হোয়াইট হাউস প্রশাসন দ্রুতই এ পদে নতুন মুখপাত্র চূড়ান্ত করবে বলে ধারণা করা হচ্ছে।সূত্র: রয়টার্স

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হচ্ছেন র‍্যাপ তারকা নিকি মিনাজ?