নিউগিনি প্রোপার্টিজে হামলা-লুটপাট: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকার নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।পুলিশ জানায়, নিউগিনি প্রোপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় গোলাম মহিউদ্দিন চৌধুরীকে এজাহারের চার নম্বর আসামি করা হয়েছে। তাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এ মামলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে আটজনে।গ্রেপ্তার হওয়া আটজনের মধ্যে তিনজনকে ডিবি পুলিশ এবং পাঁচজনকে ক্যান্টনমেন্ট থানা পুলিশ গ্রেপ্তার করেছে।এর আগে একই মামলায় মিজানুর রহমান নামের ৫৯ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তিনিও মামলার অন্যতম আসামি।পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, রাজধানীর দক্ষিণ মানিকদীতে অবস্থিত নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে শনিবার রাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। হামলার সময় ওই প্রকল্পে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।ঘটনার পর নিউগিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে।এ ছাড়া মামলায় অজ্ঞাতপরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।