ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সরকার বা জনগণ নয়, তথ্য কমিশন নিরপেক্ষ থাকবে: প্রধান তথ্য কমিশনার

দীর্ঘ দুই বছর ধরে জমে থাকা ৯১৭টি অভিযোগ নিষ্পত্তিতে কার্যক্রম শুরু করছে নবগঠিত তথ্য কমিশন। এর মধ্যে ৯৫টি অভিযোগের শুনানি আগামী ১৬ নভেম্বর থেকে কমিশনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে জনমুখী, স্বাধীন ও নিরপেক্ষভাবে পরিচালনা করতে ১০০ দিনের কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশনের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান।তথ্য কমিশনের নিরপেক্ষ অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, “তথ্য কমিশন সরকার বা জনগণের পক্ষে থাকবে না, তথ্য কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে।”তিনি জানান, দেশের গণতান্ত্রিক চর্চা ও সুশাসন শক্তিশালী করতে কমিশন স্বাধীনভাবে দায়িত্ব পালন করবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা ও গঠনমূলক সমালোচনাকে গুরুত্ব দেওয়া হবে। সংবাদকর্মীদের জন্য তথ্য কমিশনের দরজা সব সময় খোলা থাকবে বলেও আশ্বাস দেন তিনি।প্রধান তথ্য কমিশনার বলেন, সংবাদকর্মীদের উপস্থিতি ও সংবাদ সংগ্রহের মধ্য দিয়ে কমিশনের নিরপেক্ষ ও স্বাধীনভাবে নতুন পথচলার সূচনা হচ্ছে।এদিকে প্রতিষ্ঠানটির জনবল সংকটের বিষয়টিও তুলে ধরেন নাহরিন ইসলাম খান। তিনি জানান, ১৫ তলা তথ্য কমিশন ভবনে অনুমোদিত জনবল ৭৬ জন হলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র ২২ জন কর্মকর্তা-কর্মচারী। এই সীমিত জনবল নিয়েই কমিশনের কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে।অভিযোগ নিষ্পত্তির পাশাপাশি তথ্য অধিকার সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগ নিয়েছে কমিশন। এর অংশ হিসেবে নভেম্বরের শেষ সপ্তাহে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সপ্তাহব্যাপী ‘তথ্যমেলা সপ্তাহ’ আয়োজনের পরিকল্পনা রয়েছে। একই ধরনের সচেতনতামূলক কার্যক্রম দেশের স্কুল ও কলেজেও শুরু করা হবে।নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর ইতোমধ্যে ২০০টির বেশি অভিযোগ জমা পড়েছে বলেও জানান প্রধান তথ্য কমিশনার।তিনি বলেন, সাংবাদিক, কনটেন্ট ক্রিয়েটর ও রাজনীতিবিদদের তথ্য অধিকারবিষয়ক প্রশিক্ষণের আওতায় আনা হবে। পাশাপাশি সরকারি অর্থায়ন ও বিদেশি অনুদানে পরিচালিত প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট পর্যবেক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে।দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে তথ্য অবমুক্তকরণ নীতিমালা প্রণয়নের পরিকল্পনাও রয়েছে কমিশনের। এ বিষয়ে সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাছে চিঠি পাঠানো হয়েছে।গত ১৭ বছরে তথ্য কমিশন উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেনি বলে মন্তব্য করেন নাহরিন ইসলাম খান। তাঁর মতে, অতীতের সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে গণমাধ্যমের সহযোগিতা ও গঠনমূলক সমালোচনা প্রয়োজন।সংবাদ সম্মেলনে তথ্য কমিশনার এস এ এম মাহফুজুর রহমান বলেন, তথ্য অধিকার আইন ও তথ্য কমিশন মানুষের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় গণমাধ্যমকে কমিশনের অন্যতম প্রধান অংশীদার হিসেবে উল্লেখ করেন তিনি।কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্যপ্রযুক্তির প্রসারের কারণে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকি নিয়েও কথা বলেন এই তথ্য কমিশনার। বস্তুনিষ্ঠ ও প্রামাণ্য তথ্য মানুষের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেন তিনি।অন্যদিকে তথ্য কমিশনার খান মোহাম্মদ আবুল হোসেন জানান, দীর্ঘ দুই বছর কার্যক্রম না থাকায় কমিশনে বিপুল পরিমাণ কাজ জমে গেছে। এসব জটিলতা কাটিয়ে উঠতেই ১০০ দিনের কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।তথ্য অধিকার আইন সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে গণমাধ্যমকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।সংবাদ সম্মেলনে তথ্য কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সরকার বা জনগণ নয়, তথ্য কমিশন নিরপেক্ষ থাকবে: প্রধান তথ্য কমিশনার