নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাতটি হত্যা মামলাসহ ২৬টি মামলার আসামি ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক সবুজ ওরফে কালাই সবুজকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সহযোগী এজাজুল হককেও আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।বুধবার (২ সেপ্টেম্বর) রাতে ঢাকা জেলার ডেমরা থানার কোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে কালাই সবুজকে গ্রেপ্তার করে রূপগঞ্জ থানা পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রূপগঞ্জের রূপসী এলাকা থেকে সহযোগী এজাজুল হককে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার সবুজ (৩২) রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকার কালাইয়ের ছেলে। তার সহযোগী এজাজুল হক (৩৪) একই উপজেলার ভুলতা এলাকার শাহাদাতের ছেলে।[BANGVIEWS-POST:5055]পুলিশের দাবি, সবুজ দীর্ঘদিন ধরে রূপগঞ্জের বিভিন্ন এলাকায় অপহরণ, মুক্তিপণ আদায়, হত্যাকাণ্ড ও অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় সাতটি হত্যা মামলাসহ মোট ২৬টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে একটি মামলায় তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ সবুজকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী এজাজুল হককে আটক করা হয়। এজাজুলের বিরুদ্ধেও রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, বিদেশি অস্ত্র ও গুলিসহ কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।