জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের চা দোকানি বাবা-মাকে সংবর্ধনা দিল নাম্বার ওয়ান
কঠোর পরিশ্রমী চায়ের দোকানি বাবা-মায়ের সীমাহীন আত্মত্যাগ এবং তাঁদের সন্তানদের অভাবনীয় শিক্ষাগত সাফল্যের স্বীকৃতি জানাতে ‘নাম্বার ওয়ান বাবার কৃতী সন্তান সংবর্ধনা ২০২৬’ আয়োজন করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) জনপ্রিয় চা ব্র্যান্ড ‘নাম্বার ওয়ান’। এ অনন্য আয়োজনে সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী চায়ের দোকানিদের ১৩৫ জন অদম্য মেধাবী সন্তান এবং তাঁদের গর্বিত পিতা-মাতাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়।মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই শিক্ষার্থীদের হাতে বৃত্তির নগদ অর্থসহ বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। একই সঙ্গে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন নির্বিঘ্ন রাখতে এবং উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির লক্ষ্যে আগামী দুই বছর সার্বিক শিক্ষাসহায়তা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।এ সহায়তার আওতায় সংবর্ধিত শিক্ষার্থীরা দেশের শীর্ষস্থানীয় অনলাইন শিক্ষাপ্রতিষ্ঠান ‘১০ মিনিট স্কুল’ থেকে আগামী দুই বছর এইচএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক অনলাইন একাডেমিক কোর্সে সম্পূর্ণ বিনামূল্যে যুক্ত থাকার সুযোগ পাবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক এবং ১০ মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আয়মান সাদিক। বক্তারা বলেন, প্রতিকূল অর্থনৈতিক পরিস্থিতি জয় করে যেসব পিতা-মাতা সন্তানদের পড়ালেখা চালিয়ে নিচ্ছেন এবং সন্তানরা মেধার সর্বোচ্চ স্বাক্ষর রাখছে—তা পুরো জাতির জন্যই অনুপ্রেরণাদায়ক। এ ধরনের পৃষ্ঠপোষকতা প্রান্তিক শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেবে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমজিআই-এর চিফ অ্যাকাউন্টস অফিসার মো. রহমতুল্লাহ খোন্দকার, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার আতিক উজ জামান খান, সিনিয়র জেনারেল ম্যানেজার (অডিট) সাজ্জাদ হোসেন, ব্র্যান্ড বিভাগের ডিজিএম মুহাম্মদ মাহবুবুর রহমান, এজিএম অর্জুন চন্দ্র নাথ, আব্দুর রহিম শেখ এবং রতন মজুমদারসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।