ঘুস নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেফতার
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসার ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপাকসেকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কর্তৃপক্ষ।২০১৩ সালে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের জন্য এয়ারবাস কেনার একটি চুক্তিতে ৮ লাখ মার্কিন ডলার ঘুষ নেওয়ার অভিযোগে শুক্রবার তাকে গ্রেফতার করা হয়।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতি বা ঘুষের অভিযোগ তদন্তকারী কমিশন সিআইএবিওসি নামাল রাজাপাকসেকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে আদালতে হাজির করে।[BANGVIEWS-POST:5121]কলম্বোর প্রধান ম্যাজিস্ট্রেট আসঙ্গা বোদারাগামা আরও তদন্তের জন্য ৪০ বছর বয়সি নামাল রাজাপাকসেকে দুই সপ্তাহ আটক রাখার নির্দেশ দিয়েছেন। তার আইনজীবী নিশান্ত দয়ানন্দ জামিনের আবেদন করলেও আদালত তা নাকচ করে দেন।তদন্তকারী সংস্থার অভিযোগ, প্রায় ২৩০ কোটি ডলারের এয়ারবাস চুক্তি নিশ্চিত করার জন্য ইউরোপীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠানটি শ্রীলঙ্কার রাজনীতিবিদ ও কর্মকর্তাদের ঘুষ দিয়েছিল। ওই অর্থের একটি অংশ হিসেবে নামাল রাজাপাকসে ৮ লাখ ডলার গ্রহণ করেছিলেন বলে অভিযোগ করা হয়েছে।আদালতকে জানানো হয়েছে, এক শ্রীলঙ্কান ব্যবসায়ী সিঙ্গাপুরের দুটি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে নামাল রাজাপাকসের কাছে অর্থ পাঠানোর ব্যবস্থা করেছিলেন।এদিকে এ মামলায় নামাল রাজাপাকসের বাবা ও সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসার বিরুদ্ধেও ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। গত মে মাসে দুর্নীতিবিরোধী সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করেছিল।[BANGVIEWS-POST:5120]শ্রীলঙ্কান এয়ারলাইন্সের সাবেক প্রধান নির্বাহী কপিলা চন্দ্রসেনাও তদন্তকারীদের কাছে প্রায় পাঁচ লাখ ডলার ঘুষ দেওয়ার কথা জানিয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে তাকে মে মাসে পুনরায় গ্রেফতারের আগে এক আত্মীয়ের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। তার মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হয়নি।নামাল রাজাপাকসের গ্রেফতারের মধ্য দিয়ে শ্রীলঙ্কার বহুল আলোচিত এয়ারবাস চুক্তিতে দুর্নীতির তদন্ত নতুন করে গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো আদালতে প্রমাণিত হয়নি।তথ্যসূত্র: এনডিটিভি