ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’ মন্তব্যের জবাব দিলেন নাছির

কনটেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের ‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’ মন্তব্যের জবাব দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। সালমানকে যেকোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে বাস্তবতা দেখার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।মঙ্গলবার (৬ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সালমান মুক্তাদিরের বক্তব্যের প্রতিক্রিয়া জানান নাছির উদ্দীন নাছির।পোস্টে নাছির উদ্দীন নাছির লিখেন, ‘জনাব সালমান মুক্তাদিরের একটি বক্তব্য আমার গোচরীভূত হয়েছে। তিনি বলেছেন, ছাত্রদলে কোনো ছাত্র নেই। তার এই মন্তব্য থেকে আমার মনে হয়েছে, দেশের ছাত্ররাজনীতির বর্তমান বাস্তবতা সম্পর্কে হয়তো তার পূর্ণাঙ্গ ধারণা নেই।’ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে তরুণ প্রজন্মের একটি অংশের মধ্যে যে রাজনীতিবিমুখতা সৃষ্টি হয়েছিল, তার প্রভাব হয়তো এমন ধারণার জন্ম দিয়েছে। কিন্তু বাস্তবতা হলো, বর্তমানে দেশের দুই হাজারেরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হচ্ছে, এবং এসব প্রতিষ্ঠানে আমাদের নেতাকর্মীদের সিংহভাগই নিয়মিত শিক্ষার্থী।’বিগত ১৭ বছরের আন্দোলনে ছাত্রদলের নিয়মিত শিক্ষার্থীদের ভূমিকার কথা তুলে ধরে নাছির বলেন, ‘বিগত ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছাত্রদলের নিয়মিত শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ও সাহসী ভূমিকা পালন করেছেন। পরীক্ষার হল ও ক্লাসরুম থেকে ধরে নিয়ে অনেককে নির্যাতন করে কারাগারে পাঠানো হয়েছে। এমনকি কারাগারে বন্দি অবস্থায়ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী পরীক্ষায় অংশ নিয়েছেন। শিক্ষা ও রাজনৈতিক অধিকার—দুটিই ধরে রাখার জন্য তাদের এই ত্যাগ ও সংগ্রামের ইতিহাস অস্বীকার করার সুযোগ নেই।’জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্রদলের নেতাকর্মীদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ‘সর্বশেষ জুলাই গণ-অভ্যুত্থানেও ওয়াসিম আকরামসহ ছাত্রদলের অনেক নিয়মিত শিক্ষার্থী শহীদ হয়েছেন। তাদের আত্মত্যাগই প্রমাণ করে, দেশের গণতান্ত্রিক আন্দোলনে নিয়মিত শিক্ষার্থীদের অংশগ্রহণ কতটা গভীর ও বাস্তব।’সালমান মুক্তাদিরকে সরাসরি আমন্ত্রণ জানিয়ে নাছির বলেন, ‘তাই জনাব সালমান মুক্তাদিরের প্রতি আমার আন্তরিক আমন্ত্রণ—আপনি আপনার পছন্দমতো বাংলাদেশের যেকোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে আসুন।’তিনি আরও বলেন, ‘আমাদের নিয়মিত শিক্ষার্থীরা আপনাকে স্বাগত জানাবে। তাদের সঙ্গে কথা বলুন, খোঁজ নিন, বাস্তবতা নিজ চোখে দেখুন। আশা করি তখন আপনার ভুল ধারণার অবসান হবে এবং আপনি উপলব্ধি করবেন—ছাত্রদলে নিয়মিত শিক্ষার্থীদের সংখ্যাই সিংহভাগ।’

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’ মন্তব্যের জবাব দিলেন নাছির