ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নবীন ফ্যাশনকে ৫০ হাজার টাকা জরিমানা

গ্যাসের দাম বাড়ার ঘটনাকে ‘খুশির উপলক্ষ’ হিসেবে প্রচার করে পাঞ্জাবিতে বিশেষ ছাড়ের বিজ্ঞাপন দিয়েছিল পোশাক বিক্রয়কারী প্রতিষ্ঠান নবীন ফ্যাশন। কিন্তু বিজ্ঞাপনে ঘোষিত দামে পণ্য না পাওয়ার অভিযোগ ওঠার পর প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার (১৯ অক্টোবর) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডলের নেতৃত্বে পরিচালিত অভিযানে এই জরিমানা আদায় করা হয়।সম্প্রতি এলপিজি গ্যাসের দাম ২৫২ টাকা বাড়ার পর বিষয়টি নিয়ে বিশেষ প্রচারণা শুরু করে নবীন ফ্যাশন। সাধারণ মানুষের জন্য বাড়তি ব্যয়ের কারণ হয়ে ওঠা এই মূল্যবৃদ্ধিকে প্রতিষ্ঠানটি বিজ্ঞাপনে আনন্দের উপলক্ষ হিসেবে তুলে ধরে।প্রচারণায় ২৫২ টাকা কিংবা তার চেয়ে কম দামে পাঞ্জাবি বিক্রির ঘোষণা দেওয়া হয়। তবে অভিযোগ অনুযায়ী, ক্রেতারা প্রতিষ্ঠানটির ওয়েবসাইট বা সরাসরি বিক্রয়কেন্দ্র, কোনো মাধ্যমেই ঘোষিত মূল্যে পাঞ্জাবি কিনতে পারেননি।বিষয়টি জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নজরে এলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।অভিযান শেষে সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল জানান, গ্যাসের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জন্য দুর্ভোগের কারণ। এমন একটি বিষয়কে কেন্দ্র করে অবমাননাকর ও বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচার করা গ্রহণযোগ্য নয়।তিনি আরও জানান, ব্যবসাপ্রতিষ্ঠানগুলো পণ্যে ছাড় দিতে পারলেও সেই ছাড়ের নামে ভোক্তাদের বিভ্রান্ত বা প্রতারিত করার সুযোগ নেই।ভোক্তা অধিদপ্তরের হস্তক্ষেপের পর নবীন ফ্যাশন তাদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিতর্কিত বিজ্ঞাপনটি সরিয়ে নেয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নিঃশর্ত ক্ষমা চাওয়া হয়।অভিযানের সময় নবীন ফ্যাশনের ফার্মগেট আউটলেটের একজন প্রতিনিধি ভুল স্বীকার করেন। তাঁর বক্তব্য অনুযায়ী, বিষয়টির গুরুত্ব যথাযথভাবে বুঝতে না পারায় অনিচ্ছাকৃতভাবে বিজ্ঞাপনটি প্রচার করা হয়েছিল।ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

নবীন ফ্যাশনকে ৫০ হাজার টাকা জরিমানা