ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দেশের ভাবমূর্তি ক্ষুণ্নে ষড়যন্ত্র চলছে: রিজভী

দেশের ভেতরে ও বাইরে একটি চক্র সরকার এবং বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি জানিয়েছেন, এসব অপচেষ্টা মোকাবিলা এবং দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টায় ঢাকার নবাবগঞ্জ উপজেলার বেগম হাসিবা উচ্চবিদ্যালয়ের ২৯তম বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।দুর্গাপূজার নিরাপত্তা প্রস্তুতি প্রসঙ্গে রিজভী বলেন, ‘সরকারের পক্ষে প্রধানমন্ত্রী স্থানীয় প্রশাসনকে বারবার নির্দেশনা দিয়েছেন এবং দলের পক্ষ থেকে জাতীয় কমিটি করে পূজা কমিটির সাথে যোগাযোগ রক্ষা করতে বলা হয়েছে। নেতা-কর্মীদের বলা হয়েছে, মণ্ডপ কমিটির সাথে নিয়মিত যোগাযোগ করতে, পাহারার ব্যবস্থা করতে এবং তাদের ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষা করতে।’তিনি জানান, পূজা উপলক্ষে মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি দলীয় পর্যায়েও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। স্থানীয় নেতাকর্মীদের পূজা উদযাপন কমিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।অনুষ্ঠানে শিক্ষার গুরুত্ব তুলে ধরে রিজভী বলেন, মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে শিক্ষার বিকল্প নেই। প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না থাকলে মানুষ বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনা ও প্রতারণার শিকার হতে পারে। শিক্ষা মানুষের মৌলিক অধিকার এবং এর প্রসারে যারা অবদান রাখেন, তারা সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের অবদানের প্রশংসা করে তিনি বীর মুক্তিযোদ্ধা খন্দকার সামছুল আলম পোখরাজের কথা উল্লেখ করেন। নিজের পেশাগত জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পরও এলাকার উন্নয়ন ও শিক্ষার প্রসারে ভূমিকা রাখায় তার প্রতি সম্মান জানান রিজভী।নবাবগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, এ এলাকায় হিন্দু সম্প্রদায়ের উল্লেখযোগ্যসংখ্যক মানুষ বসবাস করেন। স্থানীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মের মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন বলে উল্লেখ করেন তিনি।রিজভী আশা প্রকাশ করেন, আসন্ন দুর্গাপূজা নিরাপদ ও শান্তিপূর্ণভাবে উদযাপনে স্থানীয় সংসদ সদস্য সর্বাত্মক সহযোগিতা করবেন।শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘জীবনকে অর্থবহ করতে শিক্ষা গ্রহণ অপরিহার্য। তেমনি খেলাধুলা, শরীরচর্চা শরীর গঠনে সহায়ক। সুতরাং সুস্থ জীবনের বিকাশ ঘটাতে নিজেকে সুস্থ বিনোদন ধারায় সম্পৃক্ত রাখতে হবে।’অনুষ্ঠানের প্রধান বক্তা ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক ধর্মীয় স্বাধীনতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার ওপর গুরুত্ব দেন।তিনি বলেন, ‘এ দেশটা আমাদের সবার। আমরা সবাই নিজেদের মতো বাঁচব। নিজেদের জীবনধারায় ধর্ম পালন করব। আমরা কেউ কারও ধর্মকে ছোট করে দেখব না।’সংসদ সদস্য জানান, যন্ত্রাইল ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মানুষের বসবাস বেশি। স্থানীয় জনগণের সমর্থনে তিনি অতীতে দুইবার উপজেলা চেয়ারম্যান এবং সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।এলাকার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, দুর্গাপূজার সময় প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা কার্যক্রমে তার দলের নেতাকর্মীরা দায়িত্ব পালন করবেন।বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি খন্দকার আবু হাসান সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা এবং বিদ্যালয়ের সাবেক সভাপতি তাহমিনা আদনান।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন।বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রাধেশ্যাম বাড়ৈর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শামীম হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম, আবু শফিক খন্দকার মাসুদ এবং নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হানিফসহ অন্যরা।

দেশের ভাবমূর্তি ক্ষুণ্নে ষড়যন্ত্র চলছে: রিজভী