'নদী-খাল দখল ও দূষণমুক্ত করতে কাজ করছে সরকার'
পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি ধারাবাহিকভাবে চালু থাকলে দেশের নদী ও খাল দখল-দূষণের হাত থেকে অনেকটাই রক্ষা পেত।তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার খাল খননের পাশাপাশি নদী, খাল-বিল ও জলাশয় দখল এবং দূষণমুক্ত করতে কাজ করছে।সোমবার সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদও উপস্থিত ছিলেন।পানিসম্পদমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জীবন-জীবিকা এবং পরিবেশ রক্ষায় পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন দিয়েছে।তিস্তা নদীর সঙ্গে উত্তরাঞ্চলের মানুষের ভবিষ্যৎ ও অর্থনৈতিক সম্ভাবনা জড়িত উল্লেখ করে তিনি বলেন, তিস্তার পানি ও সম্পদ থেকে জনগণ যাতে সর্বোচ্চ সুবিধা পায়, সে জন্য দেশি-বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।[BANGVIEWS-POST:2631]প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, যেকোনো উন্নয়ন প্রকল্প গ্রহণের আগে পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।তিনি জানান, বড় প্রকল্প নেওয়ার আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে একাধিক সভা করা হচ্ছে। এসব আলোচনায় পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর প্রকল্পের সম্ভাব্য প্রভাব গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়।মতবিনিময় সভায় বাপা নেতারা দেশের নদী, খাল-বিল ও জলাশয় রক্ষায় পানিসম্পদ মন্ত্রণালয়কে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তারা দখল ও দূষণ বন্ধে আইনের কঠোর প্রয়োগ এবং নিয়মিত নজরদারির ওপর গুরুত্ব দেন।পানিসম্পদমন্ত্রী ও প্রতিমন্ত্রী নদী ও জলাশয় রক্ষায় সঠিক তথ্য, গবেষণা ও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সরকারকে সহযোগিতা করার জন্য বাপা নেতাদের প্রতি আহ্বান জানান।সভায় পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ কে এম শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন। বাপার পক্ষে সংগঠনটির সভাপতি নুর মোহাম্মদ তালুকদার, সহসভাপতি খুশি কবির ও ড. শহীদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আলমগীর কবির অংশ নেন।