ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দেশে নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন

দেশে নতুন তিনটি উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি, নিকার। নতুন উপজেলা তিনটি হলো চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গরা এবং ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও। নতুন থানাটি হলো চট্টগ্রামের হালদা থানা।বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে নিকারের ১২১তম বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিকার সভায় নতুন উপজেলা, থানা ও জেলা সীমানা পুনর্গঠনের প্রস্তাব আলোচনার কথা আগেই জানানো হয়েছিল।  [BANGVIEWS-POST:988]প্রস্তাব অনুযায়ী, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে গঠন করা হচ্ছে ফটিকছড়ি উত্তর উপজেলা। কুমিল্লার মুরাদনগর উপজেলাকে ভাগ করে গঠন করা হচ্ছে বাঙ্গরা উপজেলা। আর ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে গঠন করা হচ্ছে দক্ষিণ গফরগাঁও উপজেলা।  এ ছাড়া চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে নতুন হালদা থানা গঠনের সিদ্ধান্ত হয়েছে। স্থানীয় প্রশাসনিক সেবা সহজ করা, আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা জোরদার করা এবং জনসংখ্যার চাপ কমানোর লক্ষ্যেই এসব প্রশাসনিক পুনর্বিন্যাস করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।  বৈঠকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকার নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অংশ ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এর ফলে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার প্রশাসনিক সীমানায় পুনর্বিন্যাস আসবে।  বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ,[BANGVIEWS-POST:986] বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে নতুন উপজেলা ও থানা গঠনের এই সিদ্ধান্তকে স্থানীয় পর্যায়ে সরকারি সেবা সহজ করার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট এলাকার মানুষ দীর্ঘদিন ধরে প্রশাসনিক সুবিধা, আইনশৃঙ্খলা সেবা ও স্থানীয় উন্নয়ন কার্যক্রমে গতি আনার দাবি জানিয়ে আসছিলেন।

দেশে নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন