দেশে গত ২৪ ঘণ্টায় হামে ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩৫৩
দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৩৫৩ জন শিশুর শরীরে সন্দেহজনকভাবে হামের লক্ষণ শনাক্ত হয়েছে এবং নিশ্চিত রোগী হিসেবে শনাক্ত হয়েছে ৬৪ জন।রোববার (১ নভেম্বর ২০২৬) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ৩১ অক্টোবর সকাল ৮টা থেকে ১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ২৫৫ জন শিশু চিকিৎসার জন্য ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৯৫ জন।চলতি বছরের ১৫ মার্চ থেকে ১ নভেম্বর পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ১৩ জনে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় মোট নিশ্চিত হাম রোগী পাওয়া গেছে ২৩ হাজার ৯৩৫ জন। অন্যদিকে ১৫ মার্চ থেকে অদ্যাবধি সন্দেহজনক হামে মোট ১ হাজার ১৪৯ শিশুর মৃত্যু হয়েছে এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামের কারণে মৃত্যু রেকর্ড করা হয়েছে ১০৫ শিশুর।গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া সন্দেহজনক রোগীদের বিভাগীয় বিশ্লেষণে দেখা গেছে, বরাবরের মতো ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি শিশু আক্রান্ত হয়েছে। ঢাকা বিভাগে নতুন করে শনাক্ত হয়েছে ৫৬৪ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৬৪ জন, বরিশাল বিভাগে ১২৯ জন, সিলেট বিভাগে ১২৬ জন, খুলনা বিভাগে ৮৯ জন, ময়মনসিংহ বিভাগে ৮৯ জন, রংপুর বিভাগে ৫১ জন এবং রাজশাহী বিভাগে ৪১ জন শিশু শনাক্ত হয়েছে।