ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নড়াইলে দুধে রাসায়নিক মেশানোর দায়ে ড্রেনে বিনষ্ট, জরিমানা ২ হাজার

নড়াইলে ক্ষতিকর রাসায়নিক পদার্থ মেশানোর অপরাধে এক বিক্রেতার এক ডেকচি দুধ নর্দমায় ফেলে বিনষ্ট করেছে প্রশাসন। একই অভিযানে দুধে মাত্রাতিরিক্ত পানি মেশানোর দায়ে অপর দুই বিক্রেতার সব দুধ উপস্থিত সাধারণ ভোক্তাদের কাছে প্রতি লিটার মাত্র ৩০ টাকা দরে বিক্রি করে দেওয়া হয়েছে। এ ছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ ও খাদ্যে ভেজাল প্রতিরোধে ওই তিন দুধ বিক্রেতাকে মোট ২ হাজার টাকা আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে নড়াইল শহরের ব্যস্ততম রূপগঞ্জ দুধ বাজারে এই আকস্মিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।অভিযান পরিচালনাকারী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল শেখ জানান, স্থানীয় বাজারে দুধের ঘনত্ব ও পরিমাণ বাড়াতে বিভিন্ন সময় ক্ষতিকর কেমিক্যাল ও পানি মেশানোর অভিযোগ পাচ্ছিলেন তাঁরা। এমন তথ্যের ভিত্তিতে রূপগঞ্জ বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন বিক্রেতার সংগৃহীত দুধ তাৎক্ষণিক পরীক্ষা করা হয়। পরীক্ষায় এক বিক্রেতার দুধে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি নিশ্চিত হলে তাৎক্ষণিকভাবে পুরো এক ডেকচি দুধ ড্রেনে ফেলে বিনষ্ট করার নির্দেশ দেওয়া হয়।অন্যদিকে, পরীক্ষায় অপর দুই বিক্রেতার দুধে সহনীয় মাত্রার চেয়ে অতিরিক্ত পানি মেশানোর প্রমাণ মেলে। পরে সেই দুধ সাধারণ ক্রেতাদের উপস্থিতিতে প্রতি লিটার মাত্র ৩০ টাকা নির্ধারিত মূল্যে বিক্রি করে দেওয়া হয়। একই সঙ্গে খাদ্যে ভেজাল ও প্রতারণামূলক কর্মকাণ্ডের দায়ে ওই তিন বিক্রেতাকে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এবং ভোক্তা অধিকার সুরক্ষায় বাজারে এমন ভেজালবিরোধী নজরদারি ও অভিযান নিয়মিত চলবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

নড়াইলে দুধে রাসায়নিক মেশানোর দায়ে ড্রেনে বিনষ্ট, জরিমানা ২ হাজার