শেখ হাসিনার ফেরার বিষয়ে মাইকিং করায় নওগাঁর মান্দায় আটক ২
দণ্ডপ্রাপ্ত আসামি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দেশে ফিরছেন বলে এলাকায় মাইকিং করার অভিযোগে নওগাঁর মান্দা উপজেলায় দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে তাঁদের আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন মান্দার কাঁশোপাড়া ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম শহীদ (রাঙ্গামাটিয়া গ্রাম) ও কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের মান্দা সদর ইউনিয়নের সভাপতি আব্দুল জলিল সরকার (নবগ্রাম তালাপাড়া গ্রাম)। তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নের সীমান্তবর্তী খোলা মাঠের রাস্তায় অটোরিকশায় মাইক বেঁধে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে একটি প্রচারণা চালানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৩৭ সেকেন্ডের একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, অটোরিকশার পেছনে বসে দুজন ব্যক্তি মাইকে ঘোষণা দিচ্ছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশে পদার্পণ করবেন। সে সময় দল-মতনির্বিশেষে সবাইকে তাঁকে স্বাগত জানাতে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানের মাধ্যমে মাইকিং শেষ করা হয়।ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই জেলা পুলিশের নজরে আসে এবং বৃহস্পতিবার রাতেই তদন্তে নামে মান্দা থানা-পুলিশ।নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আসলাম হোসেনসহ কয়েকজন রাজশাহী-নওগাঁ জেলার সীমান্তবর্তী ফাঁকা রাস্তায় এই মাইকিংয়ের নাটক সাজিয়ে ভিডিও ধারণ করেন এবং তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শহিদুল ও জলিলকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। পুলিশ তাঁদের কাছ থেকে মাইকিংয়ে ব্যবহৃত মূল অটোরেকর্ডিংটি জব্দ করেছে। ঘটনায় জড়িত অন্যান্য পলাতকদের গ্রেপ্তারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।