ফরিদপুরে কালেমা খচিত সাদা পতাকা নিয়ে মিছিল
ফরিদপুরের সদরপুর উপজেলায় কালেমা খচিত সাদা পতাকা হাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আয়োজকদের ভাষ্য, কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে ইসলামের মৌলিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ এবং কালেমার গুরুত্ব তুলে ধরা।শুক্রবার (৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে ‘সদরপুর সর্বস্তরের মুসলিম জনতা’ ব্যানারে উপজেলার বিশ্বজাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি সদর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।মিছিলে বিভিন্ন বয়সী ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। তাদের হাতে কালেমা খচিত সাদা পতাকা এবং বিভিন্ন ধর্মীয় স্লোগানসংবলিত ব্যানার দেখা যায়।[BANGVIEWS-POST:1113]সমাবেশে উপজেলা পরিষদের পেশ ইমাম মাওলানা আমির হোসেন বলেন, দেশের বিভিন্ন স্থানে কালেমা খচিত পতাকা অবমাননার অভিযোগ পাওয়া গেছে। তিনি এ ধরনের ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ধর্মীয় প্রতীক ও বিশ্বাসের প্রতি সম্মান বজায় রাখা সবার দায়িত্ব।
কর্মসূচির আয়োজক মুফতি মোহাম্মদ জাকির হুসাইন ফরিদী বলেন, এই কর্মসূচি কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়। বরং ইসলামের মৌলিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ এবং কালেমার তাৎপর্য মানুষের কাছে তুলে ধরাই এ উদ্যোগের প্রধান লক্ষ্য। তিনি আশা প্রকাশ করেন, এমন আয়োজন মানুষের ধর্মীয় সচেতনতা ও ইসলামী মূল্যবোধকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।