মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে হামলার আভাস
যুক্তরাষ্ট্রে বহুল আলোচিত মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই ইরানে নতুন করে তীব্র সামরিক হামলা শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য আটলান্টা।সোমবার (২ নভেম্বর ২০২৬) প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে মাধ্যমটি জানায়, মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের চূড়ান্ত ফলাফল পুরোপুরি প্রকাশের আগেই হামলা শুরু হবে কি না তা নিশ্চিত না হলেও, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একাধিক শীর্ষ উপদেষ্টা স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে নির্বাচন সম্পন্ন হওয়ার খুব দ্রুত সময়ের মধ্যেই এ সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ফেব্রুয়ারিতে যখন ইরানে প্রথম দফা সামরিক অভিযান পরিচালনা করা হয়, তখন ট্রাম্পকে আশ্বস্ত করা হয়েছিল যে মধ্যবর্তী নির্বাচনের অনেক আগেই এই সংঘাতের ইতি ঘটবে। তবে সেই সংঘাত এখনো দীর্ঘায়িত হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করছেন ট্রাম্প। সামরিক এই পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থতার জন্য প্রতিরক্ষামন্ত্রী পেট হেগসেথ অথবা মার্কিন সেনাপ্রধান জেনারেল ডেন কেইনের ওপর যেকোনো সময় অসন্তোষের খড়্গ নেমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।হোয়াইট হাউজের একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে দ্য আটলান্টা জানায়, প্রশাসনের ভেতরে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের গ্রহণযোগ্যতা আগের চেয়ে কমেছে। অভিযোগ উঠেছে, ইরানে সামরিক অভিযানের সম্ভাব্য ফলাফল সম্পর্কে হেগসেথ প্রকৃত পরিস্থিতির চেয়ে অতিরঞ্জিত চিত্র তুলে ধরেছিলেন এবং ট্রাম্পকে সন্তুষ্ট রাখতে প্রেসিডেন্ট যা শুনতে পছন্দ করেন মূলত সে ধরনের কথাই বলে আসছিলেন।তবে জনসমক্ষে আশাবাদের সুর বজায় রেখে সোমবার এক জনসভায় প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ হয়তো খুব দ্রুতই সমাপ্তির পথে পৌঁছাবে।এদিকে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, পেন্টাগন এবার ইরানে দীর্ঘমেয়াদি যুদ্ধের বদলে একটি অত্যন্ত স্বল্পমেয়াদি কিন্তু নজিরবিহীন তীব্রগতির ধ্বংসাত্মক হামলার পরিকল্পনা আঁটছে।যুক্তরাষ্ট্রের এমন প্রস্তুতির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরান সাফ জানিয়ে দিয়েছে, নতুন করে যদি তাদের ওপর সামরিক আগ্রাসন চাপিয়ে দেওয়া হয়, তবে যুদ্ধ কখন এবং কীভাবে শেষ হবে তা ওয়াশিংটন নয়, বরং তেহরানই নির্ধারণ করবে। অর্থাৎ একতরফা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র নিজেদের ইচ্ছেমতো যুদ্ধবিরতি ঘোষণা করবে—এমন সমীকরণ আর বরদাশত করা হবে না।সূত্র: দ্য আটলান্টা