পদ্মায় ধরা পড়ল ২২ কেজির কাতলা, বিক্রি হলো ৫৭ হাজার ২০০ টাকায়
পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২২ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কাতলা মাছ। মাছটি প্রতি কেজি ২ হাজার ৬০০ টাকা দরে মোট ৫৭ হাজার ২০০ টাকায় কিনে নিয়েছেন কুমিল্লার বাসিন্দা এক পর্তুগাল প্রবাসী।রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান অনলাইনের মাধ্যমে মাছটি বিক্রি করেন। এর আগে বিকেলে পদ্মা নদীর মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলা এলাকার অংশ থেকে স্থানীয় জেলে ঠান্ডু হলদার মাছটি শিকার করেন।মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান জানান, জেলে ঠান্ডু হলদার পদ্মা নদীতে জাল ফেলে ২২ কেজি ওজনের বড় আকৃতির কাতলা মাছটি ধরেন। পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ে এলে তিনি প্রতি কেজি ২ হাজার ৫০০ টাকা দরে মোট ৫৫ হাজার টাকায় জেলের কাছ থেকে মাছটি কিনে নেন।এরপর মাছটি বিক্রির জন্য অনলাইনে এর ছবি ও ভিডিও শেয়ার করেন শাহজাহান। পোস্টটি দেখে পর্তুগাল প্রবাসী এক ব্যক্তি মাছটি কেনার আগ্রহ প্রকাশ করেন। পরে প্রতি কেজি ২ হাজার ৬০০ টাকা দরে মোট ৫৭ হাজার ২০০ টাকায় তাঁর কাছে মাছটি বিক্রি করা হয়।মাছ ব্যবসায়ী জানান, বিশেষ ব্যবস্থায় মাছটি কুমিল্লায় ক্রেতার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।তিনি আরও বলেন, পদ্মা নদীর মিঠাপানির বড় আকৃতির মাছগুলো স্বাদে বেশ ভালো হওয়ায় এসব মাছের দামও তুলনামূলক বেশি। অনলাইনে ছবি ও ভিডিও দিয়ে বিক্রির জন্য তোলা হলে এ ধরনের বড় মাছ দ্রুত বিক্রি হয়ে যায়।